সময় কলকাতা ডেস্কঃ বাগুইআটি জোড়া খুনকাণ্ডে তোলপাড় বাংলার রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তৃণমূল নেতা সৌগত রায়। তাঁর দাবি, ‘খুন হওয়া যুবকরা ড্রাগের নেশা করত, এক ধরনের মাদক ট্যাবলেট খেত।’ যদিও সৌগত রায়ের এই মন্তব্যের কড়া নিন্দা করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সৌগতকে রাঁচি ঘুরে আসার পরামর্শ দিয়েছেন তিনি।

রবিবার বরানগরের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন দমদমের সাংসদ সৌগত রায়। সেখানেই বাগুইআটি জোড়া হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করে তিনি বলেন, ‘খুন হওয়া যুবকেরা ড্রাগের নেশা করত। এক ধরনের মাদক ট্যাবলেট খেত।’ শুধু তাই নয়, কীভাবে মৃত অতনু দে বাইক কেনার পঞ্চাশ হাজার টাকা পেল, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এদিন তিনি আরও বলেন যে, ‘ছেলেরা ভুল পথে যাচ্ছে। আমরা চাই সমস্ত ছেলেদের সমাজের মূলস্রোতে ফেরাতে। ছেলেরা এমন কিছু যেন না করে যাতে বাবা-মাকে লজ্জিত হতে হয়।’ সৌগত রায়ের এই মন্তব্যকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে।

সৌগতকে রায়ের এই মন্তব্যকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ‘উনি কি মাদক সাপ্লাই করতেন ? বয়স হয়েছে। রাঁচি ঘুরে আসুন কিছুদিন। ওঁর প্রকাশ্যে কথা বলা উচিত নয়। বুদ্ধি নেই, মাথার ঠিক নেই। রাঁচি গিয়ে ঘুরে আসা উচিৎ।’


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্রিমিনাল কেস এবং প্রধানমন্ত্রীর বক্তব্য দাবি অধীরের
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?