সময় কলকাতা ডেস্কঃ বিজেপির নবান্ন অভিযানের দিন থেকেই জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার জেলা সফরের দ্বিতীয় দিনে পূর্ব মেদিনীপুরের তমলুকে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তমলুকের নিমতৌড়িতে পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দফতরে হতে চলেছে সেই বৈঠক। সেই বৈঠক সেরে বিকেলে ফের খড়গপুরের ইন্ডাস্ট্রিয়াল পার্কে ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বৃহস্পতিবার ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন নির্মীয়মাণ মাঠে করবেন সভা।
আপাতত বুধবারের বৈঠক ঘিরেই প্রস্তুতি তুঙ্গে। জানা গিয়েছে, সেই বৈঠক থেকেই জেলার উন্নয়নে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এদিন খড়গপুর থেকে তমলুক পৌঁছবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর জেলা সফরের জন্য নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এলাকা। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশবাহিনী।
গতকালের বৈঠকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নতুন সভাধিপতির নাম ঘোষণা করেন তিনি। সেই দায়িত্ব পান পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। বুধবারের বৈঠকে মুখ্যমন্ত্রী দিঘার সৈকত সুন্দরী প্রকল্প এবং তমলুক মেডিকেল কলেজের উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে।

অন্যদিকে, বুধবার দুপুরেই পূর্ব মেদিনীপুরের তমলুকে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে বিভিন্ন প্রান্তে লাগানো হয়েছিল পোস্টার। কিন্ত, বৈঠকের আগেই নিমতৌড়ি, পাঁশকুড়া, মেচগ্রাম সহ বিভিন্ন প্রান্তে মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত পোস্টারে কালি লেপে দেওয়ার ছবি প্রকাশ্যে আসে। তবে কে বা কারা কালি লেপেছে, তা জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে পাঁশকুড়া থানার পুলিশ। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।


More Stories
বিজেপি-বিদ্রোহী তৃণমূলকে একযোগে নিশানা, তবুও বিরোধীদের প্রশংসা পাচ্ছেন কুণাল ঘোষ
তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে অপসারিত মমতা, সাসপেন্ড অভিষেক
পশ্চিমবঙ্গ নতুন সরকারের নতুন পূর্ণাঙ্গ বাজেট, কী পেল রাজ্যবাসী?