সময় কলকাতা ডেস্কঃ শুক্রবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে আদালতে পেশ করা হল।
বাগ কমিটির রিপোর্টের ভিত্তিতে নিয়োগ দুর্নীতিতে তার নাম ছিল সুপারিশ পত্রে। ভূয়ো নিয়োগ পত্রে সই করার অভিযোগও ছিল তার নামে। তারই ভিত্তিতে সিবিআই-এর জালে পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সিবিআই গ্রেফতারের আগে তাকে জিজ্ঞাসাবাদের সময় তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে যান। তিনি অভিযোগ করেন বেআইনি নিয়োগ করা হয় এসপি সিনহার নির্দেশেই। সিবিআই সূত্রে খবর, স্কুল সার্ভিস কমিশনে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারী নিয়োগ মামলায় গ্রেফতার করা হয়েছে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে।
বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ সিবিআই দপ্তরে হাজিরা দেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সঙ্গে করে এদিন বহু নথি নিয়ে গিয়েছিলেন তিনি। টানা সাড়ে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তার বয়ানে অসঙ্গতি মেলায় এদিন সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করে সিবিআই। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং তৎকালীন সচিব অশোক সাহাকে গ্রেপ্তার করেছে। আর তারই মধ্যে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের গ্রেপ্তারির ঘটনায় স্বাভাবিক ভাবেই দেখা দিয়েছে রাজনৈতিক চাপানউতোর।

প্রসঙ্গত, ২০১২ সালে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতির দায়িত্ব পান কল্যাণময় গঙ্গোপাধ্যায়। প্রায় ১০ বছর দায়িত্বে ছিলেন তিনি। চলতি বছরেই তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে তাঁর জায়গায় নতুন কাউকে আনা হবে, না কি তাঁকেই ফের দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। এরই মাঝে এসএসসি-র শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম জড়ায়। কলকাতা হাইকোর্ট তাঁর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেয়। বারবার সিবিআইয়ের জেরার মুখোমুখিও হতে হয়েছিল কল্যাণময়কে। শুধু জেরাই নয়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশিও চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তার জেরে একাধিক বিতর্কও তৈরি হয়েছিল। আর এই বিতর্কের মাঝেই কল্যাণময়কে সরিয়ে নতুন পর্ষদ সভাপতির নাম ঘোষণা করে স্কুল শিক্ষা দপ্তর।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের