সময় কলকাতা ডেস্কঃ ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনার আরও এক অভিযুক্তকে বিহারের মজফরপুর থেকে গ্রেফতার করল সিবিআই। ধৃতের নাম শশী ভূষণ সিং। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতেই তাকে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। শুক্রবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলার পর সিবিআই নিজেদের হেফাজতে নিতে চেয়ে আবেদন করতে পারে বলেই মনে করা হচ্ছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে, মূল অভিযুক্ত জাবির আনসারিকে জেরা করেই সিবিআই শশীভূষণ সিং নামে এই ব্যক্তির খোঁজ পেয়েছে। তপন কান্দু খুনে এই শশীভূষণের কী ভূমিকা ছিল তা বিশদে জানার চেষ্টা করছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। কংগ্রেস নেতা খুনের মামলায় এর আগে ছ’জনকে গ্রেফতার করা হয়েছিল। যদিও, কিছুদিন আগেই স্বামীর খুনের তদন্তের গতি বাড়াতে ঝালদার সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে হাজির হয়েছিলেন নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু। স্বামীর খুনের তদন্ত ঠিক কতটা এগিয়েছে,সেই বিষয়েই ওইদিন সিবিআই আধিকারিকদের সাথে কথাও বলেন তিনি।
প্রসঙ্গত, গত ১৩ই মার্চ ঝালদা পুরসভার নব নির্বাচিত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দুস্কৃতকারীরা। এরপর গত ৬এপ্রিল কলকাতা হাইকোর্ট সিবিআইকে এই খুনের মামলার তদন্তের দায়িত্ব দেয়। যদিও তার আগেই রাজ্য সরকার তপন কান্দু খুনের মামলার তদন্তের জন্য সিট গঠন করেছিল। রাজ্য সরকারের গঠিত সিট অনুযায়ী কাউন্সিলর তপন কান্দু খুনে নরেন কান্দু, দীপক কান্দু, আসিফ খান, এবং কলেবর সিং কে গ্রেফতার করে ছিল পুলিশ। ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করার পর সত্যবান প্রামানিক নামে এক তৃণমূল নেতা কেও গ্রেফতার করে সিবিআই। এরপর ১৩ জুন ধৃত পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় সিবিআই।

যদিও মৃতের স্ত্রী পূর্ণিমা কান্দু দাবি, ধৃত পাঁচজন ছাড়াও খুনের ঘটনায় আরও অনেকেই যুক্ত রয়েছে। তাঁদের কেনো এখনও পর্যন্ত গ্রেফতার করা হলো না? সেই নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি তপন কান্দুর পরিবার সহ কংগ্রেস সমর্থকেরা এই ঘটনায় প্রথম থেকেই সিবিআই তদন্তের দাবি তুলেছিলেন। এমনকী এই ঘটনার জেরে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষ কে। ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষ এই ঘটনায় ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে বলেই দাবি কংগ্রেসের সমর্থকদের। তবে মৃতের স্ত্রী পূর্ণিমা কান্দু দাবী জানান, ‘সিবিআই তদন্তে ভরসা আছে। সিবিআই এই হত্যাকাণ্ডের বড় মাথাদের ধরুক।‘


More Stories
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান