Home » পার্থ চট্টোপাধ্যায়-ই দুর্নীতির মাস্টারমাইন্ডঃ সিবিআই

পার্থ চট্টোপাধ্যায়-ই দুর্নীতির মাস্টারমাইন্ডঃ সিবিআই

সময় কলকাতা ডেস্কঃ নতুন করে বিপাকে পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়-ই দুর্নীতির মাস্টারমাইন্ড। শুক্রবার আদালতে এমনটাই মন্তব্য করল-সিবিআই। সূত্রের খবর, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র পর এবার প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিজেদের হেফাজতে নিতে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। এই মর্মে সশরীরে তাঁকে হাজিরা দিতে হয়েছে আলিপুর আদালতে। এদিন আদালতে মামলার শুনানি চলাকালীন পার্থকে হেফাজতে চেয়ে এমনই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিচারকের সামনে আবারও এদিন কেঁদে ফেললেন তিনি।

বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারে ইডি-র হেফাজতে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এবার তাঁকে হেফাজতে চেয়ে তদন্ত এগিয়ে নিয়ে যেতে তৎপর সিবিআই। আলিপুর আদালতে এদিন সেই আবেদনই করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। অনুমান করা হচ্ছে, আদালত সেই আবেদন মঞ্জুর করলে আলিপুর থেকে সোজা নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হবে পার্থ চট্টোপাধ্যায়কে। সেখানে ফের কয়েক দফায় তাঁকে জেরা করা হতে পারে।

এদিকে বৃহস্পতিবারই গ্রেফতার করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। শুক্রবার দুপুর ১২টা নাগাদ তাঁকেও তোলা হয় আলিপুর আদালতে। আদালত চত্বরে এদিন কল্যাণময়ের সঙ্গে দেখা হয় পার্থ চট্টোপাধ্যায়ের। দু’জনকে কথা বলতেও দেখা গিয়েছে এদিন। পার্থর পাশাপাশি এই নিয়োগ দুর্নীতি মামলার জট ছাড়াতে তাঁকেও হেফাজতে নিতে চায় সিবিআই। সূত্রের খবর,তাঁদের দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করারও সম্ভাবনা রয়েছে। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং তৎকালীন সচিব অশোক সাহাকে গ্রেপ্তার করা হয়েছে।

About Post Author