সময় কলকাতা ডেস্কঃ পুজোর আগেই সুখবর। হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর অবশেষে প্রাথমিক শিক্ষক নিয়োগে ১৮৯ জনের ইন্টারভিউ হবে। আগামী ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় আচার্য ভবনে এই নিয়োগ প্রক্রিয়া হবে। এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রথম ধাপে ২৩ জন, পরে ৫৪ জন এবং শেষে ১১২ জন টেট উত্তীর্ণর আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের সেই নির্দেশ মতই আচার্য ভবনে ডকুমেন্ট ভেরিফিকেশন করবেন পর্ষদ কর্তারা।
২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার প্রশ্নপত্রে ৬টি প্রশ্ন ভুল ছিল। ওই পরীক্ষায় উত্তীর্ণদের ২০১৬ ও ২০১৯ সালে নিয়োগ করে রাজ্য। এই নিয়ে কলকাতা হাই কোর্টে আলাদা করে ৬টি মামলা দায়ের করা হয়েছিল। মামলাকারীরা আর্জি জানান, ছটি প্রশ্ন ভুল ছিল। তারা সেই প্রশ্নে উত্তর দেন। ফলে প্রশ্নগুলির পুরো নম্বর তাঁদের প্রাপ্য। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে একটি বিশেষজ্ঞ টিম তৈরি করা হয়। তাঁরা অনুসন্ধান করে হাইকোর্টকে রিপোর্ট দেয়, ছটি প্রশ্ন ভুল ছিল। ওই কমিটি জানায়, পরীক্ষার্থীদের দাবি অমূলক নয়। এদিকে মামলায় ২০১৮ সালের ৩ অক্টোবর তৎকালীন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দেন, ওই ছ’টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলেই নম্বর দিতে হবে।

এরপরই হাইকোর্ট প্রথমে নির্দেশ দেয় ২৩ জনকে চাকরি দিতে হবে। পরে জানানো হয়, ওই তালিকায় আরও ৫৪ জন যুক্ত হবেন। কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশিকা দিয়ে জানান, ২৮ সেপ্টেম্বরের মধ্যে ১৮৯ জনকেই চাকরি দিতে হবে। নিয়োগ হয়েছে কিনা, সেই তথ্য আদালতকে জানাবে পর্ষদ। যদিও হাতে নিয়োগ পত্র না পাওয়া পর্যন্ত স্বস্তি পাচ্ছেন না তাঁরা। কেননা সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যেতে পারে রাজ্য। সেক্ষেত্রে তাঁদের নিয়োগ প্রক্রিয়া ফের একবার থমকে যেতে পারে।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের