Home » মারণরোগ জয়ী অভিনেতার পালকে নতুন মুকুট

মারণরোগ জয়ী অভিনেতার পালকে নতুন মুকুট

সময় কলকাতা ডেস্কঃ অভিনেতা চন্দন সেনের মুকুটে জুড়ল নয়া পালক। প্যাসিফিক মেরিডিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পুরুষ অভিনেতার পুরস্কার পেলেন চন্দন সেন। ‘দ্য ক্লাউড অ্যান্ড দ্য ম্যান’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরষ্কার পেয়েছেন তিনি।ছবিটির পরিচালনা করেছেন অভিনন্দন বন্দ্যোপাধ্যায়।

অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ফেসবুকে চন্দনকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘ভারতীয় নির্দেশক অভিনন্দন ব্যানার্জী নির্দেশিত “দ্য ক্লাউড অ্যান্ড দ্য ম্যান” ছবিতে অভিনয়ের জন্য রাশিয়ার প্যাসিফিক মেরিডিয়ান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পুরুষ অভিনেতার পুরস্কার পেলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আমাদের সকলের প্রিয় অভিনেতা চন্দন সেন।’ জানা গিয়েছে,২০২১ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। একটি পুরুষ ও এক মেঘের মধ্যেকার সম্পর্কই ছবির মূল উপজীব্য। চন্দন ছাড়াও দেবেশ রায়চৌধুরী এবং ব্রাত্য বসুর মতো অভিনেতা অভিনয় করেছেন ‘ক্লাউড অ্যান্ড দ্য ম্যান’ ছবিতে।

রুপোলি পর্দা হোক কিংবা মঞ্চ অথবা টেলিভিশনের পর্দা সবেতেই সমানভাবে সাবলীল অভিনেতা চন্দন সেন। ১৯৭৭ সালে মাত্র ১৪ বছর বয়সে থিয়েটারে অভিনয়ের মধ্যে দিয়ে তাঁর শিল্পীজীবনের সূচনা। ১৯৯৭ সালে ‘নাট্য আনন’ থিয়েটার গ্রুপে অভিনয় শুরু করেন তিনি। এরপর পা রাখেন চলচ্চিত্রের আঙিনায়। তাঁর অভিনীত ছবির মধ্যে উল্লেখযোগ্য ‘বো ব্যারাকস ফরএভার’ (২০০৪), ‘ম্যাডলি বাঙালি’ (২০০৯), ‘টান’ (২০১৪) ইত্যাদি। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘শর্ট কাট’ । মেগা সিরিয়ালেও জনপ্রিয় মুখ তিনি। ‘ইষ্টি কুটুম’, ‘খড়কুটো’র মতো সিরিয়ালে তাঁর অভিনয় মন জিতেছে দর্শকদের।

২০১০ সালে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। কিন্তু মারণ রোগও থামাতে পারেনি তাঁকে। অদম্য জেদ ও মনের ইচ্ছায় লড়াই চালিয়ে গিয়েছেন। ফলিকিউলার লিম্ফোমা রোগে আক্রান্ত হওয়ার পরে দীর্ঘদিন কেমোথেরাপি চলেছে। সেই সময়ও কেমো দিয়ে এসে অভিনয় করতে হাজির থেকেছেন মঞ্চে। এবারে রাশিয়ার মাটি থেকে নিজের কাজের জন্য এমনই অসামান্য স্বীকৃতি পেলেন।

About Post Author