সময় কলকাতা : এখন ভারতে বেশ কিছু ফাস্ট বোলার উঠে আসছেন এরকমটাই বলা হচ্ছে । এরকম পেস আক্রমণ আগে ছিল না এমনটাই দাবি করা হচ্ছে। কিন্তু আদতে বাস্তব হল – ভারত যেদিন প্রথম টেস্ট খেলা শুরু করল সেই টেস্টে যে বোলিং জুড়ি ভারতের হয়ে পেস বোলিং আক্রমণ শুরু করেছিলেন তারা দুজনেই ছিলেন ক্ষুরধার পেস বোলার। ১৯৩২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার টেস্টে অবতীর্ণ হয় ভারত। সেই টেস্টে ভারতের হয়ে বোলিং আক্রমণ শুরু করেন দুই তরুণ যাদের দুজনের বয়সই প্রায় সমান। একুশ-বাইশ বছরের ছেলে দুটি ভারতের ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্টেই সাড়া ফেলেছিলেন।তাঁদের নাম মহম্মদ নিসার ও অমর সিং।
বলা হয়,নিসার ছিলেন অত্যন্ত দ্রুত গতির এবং প্রকৃত অর্থে ফাস্ট বোলার। তাকে যোগ্য সহায়তা করতেন মিডিয়াম ফাস্ট বোলার অমর সিং। অন্যদিকে,অমর সিং ছিলেন ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসের প্রথম জেনুইন অলরাউন্ডার। তাঁর ব্যাটের হাত ছিল চমৎকার।ভারতের হয়ে টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথম অর্ধ শতরান ও করেন অমর সিং। নিসার ও অমর সিং দুজনের সম্মিলিত টেস্ট মাত্র ১৩ তথাপি মনে রাখতে হবে সে সময় এত বেশি টেস্ট খেলা হত না। টেস্ট খেলেত এমন দেশের সংখ্যাও ছিল সীমিত।

(মহম্মদ নিসার )
নিসার ও অমর সিংয়ের প্রথম টেস্ট যেরকম একসঙ্গে শুরু হয়েছিল তাদের দুজনের টেস্ট কেরিয়ার একই সঙ্গে শেষ হয় ১৯৩৬ সালে। কে সেরা ছিলেন বলা খুব মুশকিল।সে সময় ভারতীয় দলের সতীর্থরা পরে স্মৃতিচারণায় বলেছেন, সেসময়ের বিশ্ব ত্রাস ফাস্ট বোলার ও বডি লাইন সিরিজের জন্য কুখ্যাত হেরল্ড লারউডের চেয়ে গতি সম্পন্ন ছিলেন মহম্মদ নিসার। ওয়ালি হেমণ্ডের মত ইংরেজ ব্যাটসম্যান আবার মনে করেন অমর সিং ছিলেন তাঁর চোখে দেখা বিপজ্জনক বোলারদের অন্যতম ।মহম্মদ নিসার ছটি টেস্ট খেলে ২৫ টি উইকেট পেয়েছিলেন। অমর সিং সাতটি টেস্ট খেলে ২৮ টি উইকেটের মালিক।মহাম্মদ নিসারের একটি রেকর্ড আজও অক্ষত। ২৫ টি বা তার বেশি উইকেট পাওয়া কোন ভারতীয় বোলারের স্ট্রাইক রেট পঞ্চাশের নিচে নেই। রবিচন্দ্রন আশ্বিনের স্ট্রাইক রেট ৫২ যেখানে নিসার মাত্র ৪৮ বল পিছু একটি করে উইকেট পেয়েছেন। অমর সিং নিসারের চেয়ে বেশি উইকেট পেলেও অনেক বেশি বল করেছেন কারণ অমর সিং টানা স্পেলে বল করতে পারতেন। অমর -নিসারের জুড়ি একটি টেস্টের জন্য বিচ্ছিন্ন হয়েছিল আর নিসারের অনুপস্থিতিতে অমর সিং সেই টেস্টের এক ইনিংসে ৮৬ রানে ৭ উইকেট পেয়েছিলেন। ভারতীয় বোলারদের সেরা বোলিং হিসেবে এই রেকর্ড বহুদিন অক্ষত ছিল।ঘরোয়া ক্রিকেটে অমর সিংহ পাঁচশোর বেশি উইকেট পেয়েছেন,নিসারের উইকেট সংখ্যাও প্রায় চারশো।

(অমর সিং )
আজ থেকে ৯০ বছর আগে যে দুই পেস বোলার টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতের আবির্ভাব লগ্নে সাড়া ফেলেছিলেন সেই নিসার-অমর সিংকে কপিল দেব, জাহির খান বা বুমরাদের উত্থানের পরেও ভুলে যাওয়া সম্ভব নয়। ভারতীয় ক্রিকেটের সূচনা লগ্নের দুই পেসার-ই বেশি দিন বাঁচেননি। টাইফয়েড ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ১৯৪০ সালে মাত্র ২৯ বছর বয়সে প্রয়াত হন অমর সিং। দেশভাগের পরে নিসার চলে যান পাকিস্তানে। লাহোরে ৫২ বছর বয়সে তিনি প্রয়াত হন।

নিশার -অমর সিং জুটির কয়েক দশক পরে কপিলদের -চেতন শর্মা বা কপিল দেব- মনোজ প্রভাকর, শ্রীনাথ -প্রসাদ, জাহির ঈশান্ত বা হালে বুমরা-সামি ভারতের পেস বোলিং বিভাগের দায়িত্ব নিয়েছেন। তবুও ভারতীয় ক্রিকেটের জন্মলগ্নে যেভাবে রেখাপাত করেছিলেন নিশার ও অমর সিং তা এক কথায় অবিস্মরণীয়।।


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক
প্লে-অফে যেতে হলে কেকেআর-কে কী করতে হবে? কলকাতার সামনে কোন পথ খোলা?