সময় কলকাতা ডেস্কঃ রবিবারের পর সোমবারও একই ছবি। ব্যবসায়ী শৈলেশ পাণ্ডের হাওড়ার মন্দিরতলার ফ্ল্যাট থেকে উদ্ধার প্রায় ৬ কোটি টাকা।
সূত্রের খবর, বক্স খাটের ভিতর টাকা লুকিয়ে রাখা হয়েছিল। চার-পাঁচটি ব্যাগ থেকে ৫০০ টাকার নোট উদ্ধার করেন তদন্তকারীরা। ফ্ল্যাটটি সিল করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, রবিবারও তাঁর বাড়ি থেকে নগদ ২ কোটিরও বেশি টাকা উদ্ধার করেন তদন্তকারীরা। অভিযোগ, প্রতারনাকাণ্ডে মূল অভিযুক্ত শৈলেশ পাণ্ডে পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। মধ্য কলকাতার স্ট্র্যান্ড রোডের একটি বহুতল বাণিজ্যিক বাড়িতে রয়েছে তাঁর অফিস। হাওড়ায় তাঁর তিনটি ফ্ল্যাট রয়েছে। তার মধ্যে শিবপুরের কাউ ঘাট রোডের বাড়িতে তল্লাশি চলে। স্ট্র্যান্ড রোডের অফিসেও তল্লাশি চালানোর কথা হয়েছে । ব্যাঙ্কশাল আদালতে শৈলেশকে গ্রেপ্তারির জন্য আবেদন জানায় লালবাজার। তাঁর গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তাঁর সন্ধানে চলছে তল্লাশি।
জানা গিয়েছে, মানুষকে লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণায় জড়িত ছিল ওই ব্যবসায়ী। লোন না পেয়ে প্রতারিত কয়েকজন ওই রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কের ম্যানেজারের কাছে অভিযোগ জানায়। এরপরই ওই ব্যাঙ্কের তরফ থেকে শৈলেশের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় হেয়ার স্ট্রিট থানায়। অভিযোগ জমা পড়ার পরই পুলিশ তদন্তে নেমে জানতে পারে যে দুটি অ্যাকাউন্ট থেকে প্রায় ২০ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। শনিবার রাতে এই অভিযোগের উপর ভিত্তি করেই শিবপুরের একটি আবাসনে অভিযান চালায় পুলিশ। সেখানে পার্কিয়ে রাখা একটি গাড়ি থেকে বিপুল অর্থ উদ্ধার হয়।

প্রসঙ্গত,কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে নগদ টাকা। পাশাপাশি উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণে গয়না। এর আগে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অভিনেত্রী তথা মডেল অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ৫০ কোটিরও বেশি অর্থ উদ্ধার করেছিল ইডি। সেইসঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছিল বৈদেশিক মুদ্রা, ২০ টি মোবাইল ফোন সহ প্রচুর সোনার গয়না। অন্যদিকে, কিছুদিন আগেই গার্ডেনরিচে আমির খান নামক এক ব্যবসায়ীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করে ইডি আধিকারিকরা। সেসময় একটি অনলাইন গেমিং অ্যাপের সূত্র ধরে চালানো হয় তল্লাশি।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা