সময় কলকাতা ডেস্কঃ সাময়িক স্বস্তি পেলেন অনুব্রত দেহরক্ষীর। আগামী ২৪ ঘণ্টা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে পারবে না ইডি। মঙ্গলবার সকালে এমনটাই জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট। অর্থাৎ আগামী ২৪ ঘণ্টায় সায়গলকে দিল্লি আনতে পারবেন না তদন্তকারী আধিকারিকরা।
প্রসঙ্গত, গরুপাচার কাণ্ডে দীর্ঘদিন ধরে সিবিআইয়ের নজরে ছিলেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী। একাধিকবার তাঁকে জেরাও করেন তদন্তকারীরা। ৯ জুন সায়গল হোসেনকে তলব করা হয়েছিল। সেদিনই দফায় দফায় জেরার পর গ্রেপ্তার করা হয় সায়গলকে। আপাতত আসানসোল সংশোধনাগারে রয়েছেন তিনি। আসানসোলে সংশোধনাগারে গিয়ে সায়গলকে জেরা করেছিলেন ইডির আধিকারিকরা। তদন্তে অসহযোগিতা করছে সায়গল, সেই কারণে, জেলবন্দী সায়গলকে গ্রেফতার করে ইডি এবং নিজেদের হেফাজতে নিয়ে দিল্লিতে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করে। সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে তদন্ত করতে চেয়ে আবেদন করেছিল আসানসোল আদালতে। কিন্তু বিশেষ সিবিআই আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছিল। তারপরেই হাইকোর্টে মামলা করে ইডি। কিন্তু সেখানেও ধাক্কা খাওয়ার পর দিল্লির রাউস অ্যাভিনিউতে পিএমএলএ আদালতে আবেদন করে ইডি। অবশেষে ইডির আরজি মঞ্জুর করে রাউস অ্যাভিনিউ কোর্ট। বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লিতে নিয়ে যাওয়ার অনুমতি পায় ইডি।

অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীকে জেরা করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা। সায়গল হোসেনের সম্পত্তির পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। একজন সামান্য সরকারি কর্মচারীর এত সম্পত্তির উৎস কি ? তা জানতেই সায়গলকে দিল্লির সদর দফতরে নিয়ে গিয়ে জেরা করতে চায় ইডি।


More Stories
তারকেশ্বরে শ্যামাপ্রসাদের স্মরণে নরেন্দ্র মোদি, কৃষকদের প্রকল্পের সূচনা
ছাত্র শাসন মামলায় শিক্ষকের জামিন, আদালতের যুগান্তকারী বার্তা
যোগা, নামাজ, রেডরোড ও “হরিদাস পাল”