Home » বারাসাতের কাসবা টাওয়ারে উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়

বারাসাতের কাসবা টাওয়ারে উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়

সময় কলকাতা ডেস্কঃ মরক্কোর সঙ্গে ভারতের যোগসূত্র আজকের নয়। আজ থেকে প্রায় ৭০০ বছর আগে মরক্কোর পর্যটক ইবন বতুতা সেদেশ থেকে এসেছিলেন ভারতে। এবার উত্তর আফ্রিকার এক টুকরো মরক্কো ফুটে উঠেছে বঙ্গের কালীপুজোর মন্ডপ ভাবনায়। মরক্কোর এক অসামান্য স্থাপত্য শিল্পের নিদর্শন কাসবা টাওয়ারকে বারাসাতের পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাব শ্যামা পুজোর আরাধনায় তাদের মন্ডপ ভাবনার মধ্যে দিয়ে রূপায়িত করছে নিপুনভাবে।

গ্ল্যাডিয়েটর বা প্রিন্স অফ পার্সিয়া চলচ্চিত্র যারা দেখেছেন তারা পর্দার বুকে দেখেছেন কাসবা টাওয়ারের প্রায় প্রতিরূপ। বেশ প্রাচীন কাসবা টাওয়ার সঠিকভাবে কত সালে নির্মিত তা নিয়ে বহু মতদ্বন্দ্ব আছে। মরক্কোর স্থানীয় লোকশ্রুতি মানলে বলতে হয়, প্রায় সপ্তদশ শতকের স্থাপত্যর নিদর্শন এই টাওয়ার। ঐতিহাসিক মতে, উনবিংশ শতাব্দীতে নির্মিত হয় কাসবা টাওয়ার। এবার এই টাওয়ারের আদলেই গড়া হয়েছে পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাবের পুজো মণ্ডপ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার চোখ রাঙানির মধ্যেও মরক্কোর কাসবা টাওয়ার দেখার জন্য উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়।

যে শিল্পীরা এতদিন ধরে দিনরাত এক করে নির্ধারিত সময়ের মধ্যে হুবহু কাসবা টাওয়ার তৈরি করলেন, তারাই জানিয়েছেন পুজোর দর্শনার্থীদের কাসবা টাওয়ার উপহার দেওয়াটা কতটা চ্যালেঞ্জিং ছিল। কালীপুজোর কয়েকটা দিন মরক্কো ও বারাসাত মিশে যাবে। পুজোর উদ্যোক্তারা জানিয়েছেন,৭০ ফুট উঁচু এই টাওয়ার। মূল টাওয়ারের আদলেই একাধিক তল বিশিষ্ট এই টাওয়ারে এক দিকে রয়েছেন মা যশোদা ও কৃষ্ণ, অন্যদিকে রয়েছেন হর পার্বতী। প্লাই, ফাইবার, লোহা ও প্লাস্টার অফ প্যারিস দিয়ে মণ্ডপের দর্শনার্থীদের জন্য সব ধরনের সুবিধা ও নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। আর এই সংগঠনের পুজো কমিটির সভাপতি তথা বারাসাত পুরসভার পুর পিতা দেবব্রত পাল জানিয়েছেন, পুজোয় এবার ভিজিটর্স পাস থাকছে না। তবে স্বেচ্ছাসেবক এবং ক্লাবের ছেলেরা মিলেই ক্রাউড ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছেন।

বলা যায়,এবছর সুদূর আফ্রিকার কাসবা টাওয়ারের ঐতিহ্য এসে মিশেছে বারাসাতের বিগ বাজেটের নজরকাড়া পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাবের কালীপুজোর আয়োজনে। পুজো উদ্যোক্তাদের মতে, মণ্ডপসজ্জার পাশাপাশি প্রতিমা এবং আলোর রোশনাই দিয়ে প্রতিবারের মত এবারেও তারা দর্শকদের মুগ্ধ করতে সম্পূর্ণ সফল হবেন।

About Post Author