সময় কলকাতা ডেস্কঃ গার্ডেনরিচের পর এবার হাওড়া। কলকাতা হেয়ার স্ট্রিট থানার পুলিশ শনিবার হাওড়ার শিবপুরের ‘রিভার ডেল’- আবাসনের বাসিন্দা এক ব্যবসায়ীর গাড়ি থেকে উদ্ধার করে ২ কোটি ২১ লক্ষ ৫০ হাজার টাকা। সেইসঙ্গে উদ্ধার হয়েছে বিপুল পরিমান সোনা ও হিরের গয়না। একটি রাষ্ট্রয়ত্ব ব্যাঙ্কের লিখিত অভিযোগের ভিত্তিতেই অভিযান চালায় পুলিশ।

জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর নাম শৈলেশ পান্ডে। অভিযোগ, মানুষকে লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণায় জড়িত ছিল ওই ব্যবসায়ী। লোন না পেয়ে প্রতারিত কয়েকজন ওই রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কের ম্যানেজারের কাছে অভিযোগ জানায়। এরপরই ওই ব্যাঙ্কের তরফ থেকে শৈলেশের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় হেয়ার স্ট্রিট থানায়। অভিযোগ জমা পড়ার পরই পুলিশ তদন্তে নেমে জানতে পারে যে দুটি অ্যাকাউন্ট থেকে প্রায় ২০ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। শনিবার রাতে এই অভিযোগের উপর ভিত্তি করেই শিবপুরের একটি আবাসনে অভিযান চালায় পুলিশ। সেখানে পার্কিয়ে রাখা একটি গাড়ি থেকে বিপুল অর্থ উদ্ধার হয়।
প্রসঙ্গত,কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে নগদ টাকা। পাশাপাশি উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণে গয়না। এর আগে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অভিনেত্রী তথা মডেল অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ৫০ কোটিরও বেশি অর্থ উদ্ধার করেছিল ইডি। সেইসঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছিল বৈদেশিক মুদ্রা, ২০ টি মোবাইল ফোন সহ প্রচুর সোনার গয়না। অন্যদিকে, কিছুদিন আগেই গার্ডেনরিচে আমির খান নামক এক ব্যবসায়ীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করে ইডি আধিকারিকরা। সেসময় একটি অনলাইন গেমিং অ্যাপের সূত্র ধরে চালানো হয় তল্লাশি।।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি