Home » উপস্থিত হননি পার্থ, পিছিয়ে গেল শুনানি

উপস্থিত হননি পার্থ, পিছিয়ে গেল শুনানি

সময় কলকাতা ডেস্কঃ সশরীরে হাজিরা দেবেন নাকি ভার্চুয়ালি, এই জটিলতায় পিছিয়ে গেল শুনানি। শুক্রবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আদালতে সশরীরে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি উপস্থিত না হওয়ায় পিছিয়ে গেল শুনানি। ফের আগামী সোমবার সকাল সাড়ে ১০ টায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করেছে সিবিআই। নিয়োগ দুর্নীতির মূল ষড়যন্ত্রকারী পার্থ চট্টোপাধ্যায় বলে মনে করছেন তদন্তকারী সংস্থা।

শুক্রবার সিবিআই-এর বিশেষ আদালতে পার্থর ভার্চুয়াল শুনানির আবেদন জানানো হয়েছে। কিন্তু এই আদালতে ভার্চুয়াল শুনানির জন্য যথেষ্ট পরিকাঠামো না থাকায় আগামী সপ্তাহে পার্থকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারক। আগামী সোমবার সশরীরে হাজিরা দিতে হবে পার্থকে।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হেফাজত থেকে পার্থকে হেফাজতে নিয়েছিল সিবিআই। এসএসসি গ্রুপ সি নিয়োগ মামলায় চার্জশিট পেশ করেছে সিবিআই। ওই চার্জশিটেই নাম রয়েছে এসপি সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা-সহ মোট ১৬ জনের। এর পাশাপাশি ওই চার্জশিটে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং এসপি সিনহাকে অন্যতম মাস্টারমাইন্ড হিসাবেও উল্লেখ করা হয়েছে।

গত ২৩ জুলাই নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্য়ায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল। অর্পিতার ফ্ল্যাটে নগদ কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার পরই গ্রেফতার করা হয় ওই দুজনকে। আপাতত জেলেই রয়েছেন অর্পিতা। সেই গ্রেফতারির ৫৮ দিনের মাথায় ব্যাঙ্কশাল আদালতে গুরুত্বপূর্ণ তথ্য সহ চার্জশিট পেশ করে ইডি।

About Post Author