Home » ভয়াবহ অগ্নিকাণ্ড পুনেতে

ভয়াবহ অগ্নিকাণ্ড পুনেতে

সময় কলকাতা ডেস্কঃ ফের ভয়াবহ অগ্নিকাণ্ড পুনেতে। মঙ্গলবার সকালে হঠাৎই আগুন লাগে পুনের মার্ভেল ভিস্তা বিল্ডিংয়ের উপরে তলে। সূত্রের খবর, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে আসে দমকলের ৬ টি ইঞ্জিন। হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। সূত্রের খবর,এই বিল্ডিংয়ের নিচতলাতেই রয়েছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জাহির খানের একটি রেস্তোরাঁ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ হঠাৎই আগুন লাগে ওই বিল্ডিংয়ে। বিল্ডিংটিতে একাধিক অফিসের পাশাপাশি রয়েছে অনেক দোকানও। আর ভবনের নিচতলে রয়েছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জাহির খানের একটি রেস্তোরাঁ। এদিন আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। আগুনের কুণ্ডলী ও ধোঁয়া দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। স্থানীয়দের তরফে খবর যায় দমকলে। খবর পেয়ে তৎক্ষণাৎ দমকলের ছয়টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। তবে ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তা থেকেই স্পষ্ট যে আগুনের ভয়াবহতা ঠিক কতটা ছিল। দমকল কর্মীদের কয়েক ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলেই জানা গিয়েছে।

যদিও এদিন ঠিক কী কারণে এই আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। তবে সর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান দমকল কর্মীদের।ইতিমধ্যেই আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

About Post Author