সময় কলকাতা ডেস্কঃ ১০৬ বছরের দীর্ঘ ইনিংস শেষ। প্রয়াত স্বাধীন ভারতের প্রথম ভোটার হিমাচলের শ্যাম শরণ নেগি। শনিবার ভোরে হিমাচল প্রদেশের কিন্নৌরের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তবে তার আগেই হিমাচলের বিধানসভা নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজের ভোট দিয়েছিলেন। গত ২ নভেম্বর, ৩৪তম বার ভোটদান করেন তিনি। তাঁর নাগরিক কর্তব্য পালনের বিষয়টিকে কুর্ণিশ জানিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি টুইটে মোদী লিখেছিলেন, ‘ অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ। নতুন ভোটারদের শ্যাম সরণ নেগিকে দেখে অনুপ্রেরণা নেওয়া উচিত এবং ভোটদান করা উচিত।‘ এবার শ্যাম শরণ নেগি শেষবারের মতো নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর।
উল্লেখ্য, ১৯৫১ সালের ২৫ অক্টোবর থেকে পরের বছর ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল দেশের প্রথম সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। সেই নির্বাচনে ভোট দিয়েছিলেন বছর ৩১-এর যুবক শ্যাম শরণ নেগি। আর শেষ হিমাচলপ্রদেশের বিধানসভা নির্বাচনের ভোট দিয়েছেন তিনি। বয়সের কারণে শ্যাম শরণের বাড়িতে গিয়ে আগাম পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার ব্যবস্থা করেছিলেন নির্বাচন কমিশনের আধিকারিকরা।

১৯১৭ সালের ১ জুলাই পরাধীন ভারতে জন্মগ্রহণ করেছিলেন তিনি। শ্যাম শরণ নেগি পেশায় ছিলেন স্কুল শিক্ষক। তিনি ১৬ বার লোকসভা নির্বাচনে ভোটদান করেছেন। সামনেই হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগেই চলে গেলেন দেশের প্রথম ভোটার।


More Stories
ভয়াবহ ভূমিধসে বিপর্যস্ত সিকিমের রিম্বি
স্বাধীনতার রক্তঝরা দিন ও বারাসাতের সুবর্ণপত্তনের সংগ্রামী ইতিহাস
ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা ও অবদান