Home » সেতু বিপর্যয়ের ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ মোদীর

সেতু বিপর্যয়ের ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ মোদীর

সময় কলকাতা ডেস্কঃ গুজরাটের ভয়াবহ সেতু বিপর্যয়ের ঘটনার দু’ দিন পরে মঙ্গলবার বিকেলেই সেই দুর্ঘটনাস্থলে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী যেতেই ফের মাচ্ছু নদীতে শুরু হয় উদ্ধারকাজ। ওই সেতু ঘুরে তিনি চলে যান মোরবি হাসপাতালে। কথা বলেন আহতদের সঙ্গে। এই নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকও করেন তিনি। সেখানেই এই ঘটনার বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে বলেই জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী।

সূত্রের খবর, এদিনের এই বৈঠকে মোদি বলেন, ‘মোরবি সেতু দুর্ঘটনার সঙ্গে সম্পর্কিত সমস্ত দিক চিহ্নিত করা হবে। এবিষয়ে বিস্তৃত তদন্তের প্রয়োজন।’ সেই সঙ্গে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত পদক্ষেপও করার কথা বলেন তিনি। মোদির সফরের আগেই ব্রিটিশ আমলের সেতুর সংস্কারের দায়িত্ব যে সংস্থার উপরে তাদের নামটি ঢেকে দেওয়া হয় সাদা প্লাস্টিক দিয়ে। এদিকে মোদির সফরের আগের রাতেই গুজরাটের সরকারি হাসপাতালে কার্যত ‘সাজ সাজ’ রব পড়ে যায়। এই ঘটনার দৃশ্য ভাইরাল হতেই শুরু হয় রাজনৈতিক তরজা।

অন্যদিকে,সেতু বিপর্যয়ের পরিস্থিতি পর্যালোচনা করতে গান্ধীনগরে রাজভবনে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি, গুজরাটের মুখ্য সচিব এবং ডিজিপি। দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শোকপ্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

 

প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় ছট পুজোর প্রার্থনা চলাকালীন হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মোরবি জেলার মাচ্ছু নদীর উপরের শতাব্দী প্রাচীন ঝুলন্ত সেতু। মেরামতির কাজের জন্য গত সাত মাস বন্ধ ছিল সেতুটি। প্রায় ২ কোটি টাকা দিয়ে মেরামতির পর গুজরাটি নববর্ষে, অর্থাৎ গত ২৬ অক্টোবর খুলে দেওয়া হয় এই সেতু। এদিন ছট পুজো উপলক্ষে ব্রিজটির উপর প্রায় ৫০০ লোকের জমায়েত হয়েছিল। অত্যাধিক ভিড়ের চাপ সহ্য করতে না পেরেই ভেঙে পড়ে সেতুটি। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে জলে পড়ে যান সেতুর উপরে থাকা সমস্ত মানুষ। মর্মান্তিক এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে অনেকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। ইতিমধ্যেই মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা এবং আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।

About Post Author