সময় কলকাতা ডেস্কঃ গুজরাটের ভয়াবহ সেতু বিপর্যয়ের ঘটনার পর এবার পূর্ত দফতরের অধীনে থাকা রাজ্যের সমস্ত সেতুর স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিল মন্ত্রী পুলক রায়। আর সেই স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা দিতে হবে চলতি বছরের নভেম্বর মাসেই। এ বিষয়ে মঙ্গলবার রাজ্যের পূর্ত দফতরের শীর্ষ আধিকারিদের সঙ্গে একটি বৈঠকও করেন মন্ত্রী পুলক রায়। এদিনের এই বৈঠকে তিনি জানিয়েছেন, ‘রাজ্যে পূর্ত দফতরের অধীনে ২১০৯টি সেতু রয়েছে। সেই সেতুগুলিরই স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হবে। একটি সমীক্ষাও চালানো হবে।’ সূত্রের খবর, সমীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই সেতুগুলি নিয়ে সিদ্ধান্ত নেবে পূর্ত দফতর। এমনকী কোনও সেতু ভেঙে নতুন করে তৈরি করার প্রয়োজন হলে তাও করা হবে।
প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় ছট পুজোর প্রার্থনা চলাকালীন হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মোরবি জেলার মাচ্ছু নদীর উপরের শতাব্দী প্রাচীন ঝুলন্ত সেতু। মেরামতির কাজের জন্য গত সাত মাস বন্ধ ছিল সেতুটি। প্রায় ২ কোটি টাকা দিয়ে মেরামতির পর গুজরাটি নববর্ষে, অর্থাৎ গত ২৬ অক্টোবর খুলে দেওয়া হয় এই সেতু। এদিন ছট পুজো উপলক্ষে ব্রিজটির উপর প্রায় ৫০০ লোকের জমায়েত হয়েছিল। অত্যাধিক ভিড়ের চাপ সহ্য করতে না পেরেই ভেঙে পড়ে সেতুটি। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে জলে পড়ে যান সেতুর উপরে থাকা সমস্ত মানুষ। মর্মান্তিক এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে অনেকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।

ইতিমধ্যেই মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা এবং আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। অন্যদিকে,সেতু বিপর্যয়ের পরিস্থিতি পর্যালোচনা করতে গান্ধীনগরে রাজভবনে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি, গুজরাটের মুখ্য সচিব এবং ডিজিপি। দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শোকপ্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি