Home » ছাত্র পিছু ৫ হাজার টাকা দিতেই হত: তাপস মণ্ডল

ছাত্র পিছু ৫ হাজার টাকা দিতেই হত: তাপস মণ্ডল

সময় কলকাতা ডেস্কঃ শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে মানিক ভট্টাচার্য ‘ঘনিষ্ঠ’ তাপস মণ্ডলকে বুধবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় ইডি। কলকাতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে এদিন বেলা ১১টা নাগাদ প্রয়োজনীয় নথি নিয়ে হাজির হন মানিক ঘনিষ্ঠ তাপস। ইডি দপ্তরে ঢোকার আগেই বিস্ফোরক দাবি করলেন তিনি।

তিনি বলেন, “অফলাইনে ভর্তির জন্য ছাত্র পিছু ৫ হাজার টাকা দিতেই হত। উনি অফিসে লোক পাঠাতেন। ফাইল ও টাকা যেত।” এরপর “কে লোক পাঠাতেন?” এই প্রশ্ন করা হলে মানিকবাবুর নাম নেন তাপস মণ্ডল। স্পষ্ট করে বলেন, “মানিকবাবু যখন লোক পাঠাতেন, তাহলে উনিই টাকা নিতেন।”

উল্লেখ্য, ‘কাটমানি’ বাবদ মানিকবাবুর  ছেলে শৌভিক ভট্টাচার্যের দ্বিতীয় অ্যাকাউন্টে ঢুকেছিল প্রায় আড়াই কোটি টাকা। টাকা দিয়েছিলেন ৪৯ হাজার ৪০০ জন। তাপস মণ্ডলের উত্তর সেই কথাকেই অনেকটাই সত্যি করে দিল। প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী দলের নজরে আসে মানিকের আত্মীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্ট! আদালতে পেশ করা রিমান্ড অ্যাপ্লিকেশনে ইডি দাবি করেছিল, মানিক ভট্টাচার্যের আত্মীয়দের নামে বহু ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন তারা। মানিকের আত্মীয়র সঙ্গে যে জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে তাতে ৮ কোটি টাকার হদিশ মিলেছে। মানিকের ছেলে শৌভিক ভট্টাচার্যের অ্যাকাউন্টে মিলেছে ২ কোটি ৬৮ লাখ টাকা। কিন্তু এই টাকার উৎস কী, তার তদন্তে তদন্তকারী আধিকারিকরা।

About Post Author