সময় কলকাতা ডেস্কঃ মূল্যবৃদ্ধি এই শব্দটা এখন মধ্যবিত্ত আর নিম্নবিত্ত মানুষের কাছে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

দিনের পর দিন ঊর্ধ্বমুখী পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম। এই পরিস্থিতিতে হেঁসেলে টান পড়ছে আম বাঙালির। পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে দফায় দফায় চলছে বিক্ষোভ। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও লাগাতার বেড়ে চলেছে জ্বালানীর দাম। গত কয়েকমাস ধরে ক্রমাগত জ্বালানীর মূল্যবৃদ্ধির কারণে বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও। এই পরিস্থিতিতে হেঁসেলে টান পড়ছে আম বাঙালির। সবজি বাজারে রীতিমতো আগুন! তার ওপর অতি দরকারি ওষুধ পত্রের দামও আকাশ ছোঁয়া। কার্যত সেকারণেই এবার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি নিয়ে একটি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর,আগামী ১৪ নভেম্বর বিকেল ৪টের সময় এবিষয়ে নবান্নে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। এদিনের এই বৈঠকে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বেচারাম মান্না, সুব্রত সাহা, বিপ্লব চৌধুরী এবং স্বপন দেবনাথ-সহ আরও অনেকেরই উপস্থিত থাকার কথা রয়েছে। পাশাপাশি এদিনের এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের প্রশাসনিক কর্তারাও।

উল্লেখ্য, কয়েক মাস ধরেই জিনিসপত্রের লাগামছাড়া মূল্যবৃদ্ধির জেরে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। এর ফলে মধ্যবিত্তের পকেটে টান পড়ছে। এবার তাঁদের সুরাহার কথা মাথায় রেখেই এই বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কীভাবে কমানো যায়, ওই দিনের বৈঠকে তা নিয়েই আলোচনা করবেন মমতা। এরপর মূল্যবৃদ্ধি আটকাতে তিনি একাধিক সিদ্ধান্ত নিতে পারেন বলেই খবর।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের