Home » বন্ধ হতে চলেছে সাঁতরাগাছি সেতু

বন্ধ হতে চলেছে সাঁতরাগাছি সেতু

সময় কলকাতা ডেস্কঃ আগামীকাল থেকেই বন্ধ হতে চলেছে সাঁতরাগাছি সেতু দিয়ে ভারী যান চলাচল। প্রায় দেড় মাস ধরে যান নিয়ন্ত্রণ হবে সাঁতরাগাছি সেতুতে। জানা গিয়েছে, স্বাস্থ্য পরীক্ষা এবং সেতু সংস্কারের জন্যই ৩১ ডিসেম্বর পর্যন্ত সাঁতরাগাছি সেতুতে ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। শুধুমাত্র ২ বা ৪ চাকার হালকা গাড়ি গুলিই সেতু দিয়ে যাতায়াত করতে পারবে বলেই সূত্রের খবর। এক্ষেত্রে পণ্যবাহী ভারী গাড়িগুলিকে আন্দুল রোড, মাকড়দহ রোড ও নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে চালানো হবে। তবে সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে পুজোর পরেই ভারী যান চলাচল বন্ধ করার পদক্ষেপ নেওয়া হয়েছে। আপাতত সেতুর স্বাস্থ্য পরীক্ষা হলেও আগামীতে সেতুটি সম্পূর্ণ ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

নবান্ন সূত্র মারফত জানা গিয়েছে, সাঁতরাগাছি সেতুটির পরিকাঠামোগত অবস্থা বর্তমানে খুবই খারাপ। তারই মধ্যে সেতুটির উপর দিয়ে ২ চাকা, ৪ চাকা থেকে শুরু করে পণ্যবাহী ভারী গাড়িগুলি চলাচলের ফলে সেতুটির অবস্থা আরও খারাও হয়ে গিয়েছে। এর ফলে নিত্যদিনই ফলে যানজটেরও সৃষ্টি হয়। তাই এই সেতুটি ভেঙে ফেলে অন্য একটি সেতু নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেক্ষেত্রে নতুন সেতু তৈরি করতে কমপক্ষে ২ থেকে ৩ বছর সময় লাগবে বলেই জানা গিয়েছে। এহেন পরিস্থিতিতে সাঁতরাগাছি সেতু দিয়ে যাতে ২ বা ৪ চাকার হালকা গাড়ি গুলিই চলাচল করতে পারে, সেজন্য ইতিমধ্যেই সেতুটির স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই সাঁতরাগাছি সেতুটি দুর্বল হয়ে পড়েছে। কিন্তু এই সেতুর মাধ্যমেই অনেক কম সময়ে একপ্রান্ত থেকে অন্য আরেক প্রান্তে পৌঁছে যাওয়া যায়। তাই প্রাণের ঝুঁকি নিয়েই এই সেতুর উপর দিয়ে প্রতি মুহূর্তে ২ চাকা, ৪ চাকা গাড়ি সহ পণ্যবাহী ভারী গাড়ি গুলি যাতায়াত করে। এমনকী অফিস টাইমে প্রচণ্ড যানজটও হয়। দুর্বল হয়ে পড়া এই সেতুটি ভেঙে দিয়ে নতুন সেতু নির্মাণ করার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে রেলকে জানানো হয়েছে। কিন্তু রাজ্য সরকারের সেই আবেদনে রেল কর্তৃপক্ষ কোনও সাড়া দেননি বলেই অভিযোগ। তাই সাঁতরাগাছি সেতুর বিকল্প হিসাবে এবার নতুন সেতু তৈরির পরিকল্পনা করেছে রাজ্য সরকার।

About Post Author