Home » বিহারে ধর্মীয় শোভাযাত্রায় ট্রাকের ধাক্কা, নিহত ১২ 

বিহারে ধর্মীয় শোভাযাত্রায় ট্রাকের ধাক্কা, নিহত ১২ 

সময় কলকাতা ডেস্কঃ মর্মান্তিক দুর্ঘটনা বিহারে। বিহারের বৈশালিতে একটি ধর্মীয় শোভাযাত্রা চলাকালীন শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল একটি ট্রাক। ঘটনায় মৃত্যু হয়েছে আট শিশু সহ ১২ জনের। আহত হন বহু মানুষ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

ইতিমধ্যেই মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাশাপাশি ঘটনায় শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করা নির্দেশ দিয়েছেন তাঁরা। দুর্ঘটনায় মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের মাথাপিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন নীতিশ কুমার।

সূত্র মারফত জানা গিয়েছে, স্থানীয় উপাস্য ‘ভূমিয়া বাবা’র পুজো উপলক্ষে রবিবার রাত ৯টা নাগাদ রাস্তার ধারে একটি অশ্বত্থ গাছের কাছে জমায়েত হয়েছিলেন একাধিক পুণ্যার্থী। সেই সময়ই রাস্তা দিয়ে দ্রুত গতিতে ছুটে আসছিল একটি ট্রাক। এরপর ওই অশ্বত্থ গাছটির কাছে এসে ট্রাকটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে শোভাযাত্রায় অংশ নেওয়া পুন্যার্থীদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় আট শিশু সহ ১২ জনের। আহত একাধিক মানুষ। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই ঘাতক ওই ট্রাকের চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ। অন্যদিকে ট্রাকের চালক মদ্যপ অবস্থায় ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে গোটা ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

About Post Author