Home » পঞ্চায়েত নির্বাচনের আগে হুঙ্কার ছুড়লেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক

পঞ্চায়েত নির্বাচনের আগে হুঙ্কার ছুড়লেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক

সময় কলকাতা ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে শাসক থেকে বিরোধী সকলে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আর আসন্ন এই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল নয়,পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে লড়াই হবে।জেলা পুলিশ সুপার, জেলাশাসক, মহকুমাশাসক ঘেরাও হবে। কাউকে ছেড়ে কথা বলা যাবেনা। পঞ্চায়েত নির্বাচনের আগে এবার গোটা মালদহ জেলা নিস্তব্ধ করার হুঙ্কার ছুড়লেন মানিকচক ও সুজাপুরের কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম ও ঈশা খান চৌধুরী। এই হুঁশিয়ারিতে রাজনৈতিক পারদ ক্রমশ উর্ধ্বমুখী হয়ে উঠেছে মালতীপুরে। যদিও বিষয়টি নিয়ে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। এই ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক চর্চা।

মঙ্গলবার মালদহের মালতীপুর বিধানসভার জালালপুরে প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়করা। মানিকচক বিধানসভার কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম বলেন,’ তৃণমূলের ছাঁট অংশদের সাথে আমাদের লড়াই নেই। লড়াই হবে,পুলিশ ও প্রশাসনের সাথে। গত ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের ভোট লুটের স্মৃতি যদি ফিরিয়ে আনতে চান। তাহলে জেলার পুলিশ সুপার,জেলাশাসক,বিডিও ও এসডিও কাউকে রেয়াত করব না। সবাইকে ঘেরাও করব।পঞ্চায়েত নির্বাচনের আগে গোটা মালদহ জেলা নিস্তব্ধ করে দেব।’

যদিও কংগ্রেসের এই হুঙ্কারকে কোনওভাবেই গুরুত্ব দিতে চাননি শাসক দল। সম্প্রতি কিছুদিন আগেই মালতীপুরের শ্রীপুরে শাসকদলের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন বিরোধীদের সাথে নয়। নির্বাচনে লড়াই হবে তৃণমূলের সঙ্গে তৃণমূলের। মন্ত্রীর সেই বক্তব্যের পরই এবার বিরোধীদের গলায় শোনা গেল লড়াইয়ের সুর। তবে সেই লড়াই পুলিশ ও প্রশাসনের সঙ্গে। তবে কার সাথে কার লড়াই হবে?তা দেখার অপেক্ষাতেই গোটা জেলাবাসী।

About Post Author