Home » এনডিটিভি-র ডিরেক্টর পদ থেকে ইস্তফা সস্ত্রীক প্রণয় রায়ের

এনডিটিভি-র ডিরেক্টর পদ থেকে ইস্তফা সস্ত্রীক প্রণয় রায়ের

সময় কলকাতা ডেস্কঃ গৌতম আদানির হাতে যাওয়া মাত্রই এনডিটিভি-র ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিলেন চ্যানেলের প্রতিষ্ঠাতা প্রণয় রায় এবং তাঁর স্ত্রী রাধিকা রায়। মঙ্গলবার স্টক এক্সচেঞ্জে এক বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছে এনডিটিভি। চ্যানেলটি পরিচালনা করে আরআরপিআরএইচ নামের একটি সংস্থা। তারা সোমবার জানিয়েছিল প্রতিষ্ঠাতারা তাঁদের শেয়ার ছেড়ে দিচ্ছেন এবং তা কিনে নেবে আদানি গ্রুপ। মঙ্গলবার আরআরপিআরএইচ প্রাইভেট লিমিটেডের বোর্ড অফ ডিরেক্টর্সের বৈঠকে তা অনুমোদিত হয় এবং প্রণয় রায় ও রাধিকা রায়ের ইস্তফা গৃহীত হয়।

আগস্টে জানা গিয়েছিল, চ্যানেলের প্রায় ২৯ শতাংশ শেয়ার কিনে নিয়েছে আদানি গোষ্ঠী। আরও ২৬ শতাংশ শেয়ার কেনার পরিকল্পনা রয়েছে গৌতম আদানির মিডিয়া শাখার। যদিও প্রাথমিকভাবে প্রণয় ও রাধিকা জানিয়েছিলেন, এসব ভিত্তিহীন খবর। তাঁদের না জানিয়েই শেয়ার হস্তান্তর হয়েছিল। পাশাপাশি তাঁরা এও দাবি করেছিলেন, সংস্থার অধিকাংশ শেয়ার তাঁদের হাতেই থাকবে। কিন্তু ডিসেম্বর পড়ার আগেই চ্যানেল গৌতম আদানির সংস্থা হয়ে গেল।

প্রসঙ্গত, চলতি বছর আগস্ট মাসেই নিউ দিল্লি টেলিভিশনের ২৯.১৮% অংশীদারি কিনে নেওয়া কথা ঘোষণা করেছিল আদানি গোষ্ঠীর সংস্থা। বাজার থেকে আরও ২৬% শেয়ার হাতে নিতে ৪৯৪কোটি টাকার প্রস্তাবও দিয়েছিল তারা। কেননা সংস্থাটির বৃহত্তম শেয়ারহোল্ডারে পরিণত হবে তারা। কিন্তু এনডিটিভি-র অভিযোগ ছিল, সংস্থা কিংবা তার প্রতিষ্ঠাতা প্রোমোটার রাধিকা এবং প্রণয় রায়ের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই অংশীদারি কেনা হয়েছে।

About Post Author