Home » সিবিআই তদন্তে অসহযোগিতার অভিযোগ সুবীরেশ ভট্টাচার্যের বিরুদ্ধে

সিবিআই তদন্তে অসহযোগিতার অভিযোগ সুবীরেশ ভট্টাচার্যের বিরুদ্ধে

সময় কলকাতা ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআইকে কোনরকম সহযোগিতা করছেন না স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। কলকাতা হাইকোর্টে বৃহস্পতিবার এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কার্যত সেকারণেই এবার তাঁকে অন্য রাজ্যে নিয়ে গিয়ে জেরা করার নির্দেশ দিতে পারেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বর্তমানে জেল হেফাজতেই রয়েছেন তিনি।

বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলাকালীন আদালতে সিবিআই জানায়, তদন্তে সহযোগিতা করছেন না সুবীরেশ। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চান, সিবিআই সুবীরেশকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চান কি না? তবে সব দিক খতিয়ে দেখে এ বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন বলেই জানা গিয়েছে।

প্রসঙ্গত, রাজ্যে এসএসসি দুর্নীতি মামলায় শাসকদলের একের পর এক হেভিওয়েটদের নাম জড়িয়েছে। বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী-সহ তার মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম জড়িয়েছে। কলকাতা হাইকোর্টের তরফে ইতিমধ্যেই অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এরপর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম সামনে আসতেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে কয়েক কোটি টাকা, সোনা উদ্ধারের পর গ্রেফতার করা হয়েছে তাকেও। অন্যদিকে এসএসসি দুর্নীতি কাণ্ডে শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকে গ্রেফতার করেছে সিবিআই। তারপরই এসএসসি দুর্নীতি কাণ্ডে নাম উঠে এসেছে সুবীরেশ ভট্টাচার্যের।

উল্লেখ্য,২০১৪-২০১৮ সাল পর্যন্ত এসএসসির চেয়ারম্যান ছিলেন সুবীরেশ ভট্টাচার্য। অভিযোগ,তাঁর আমলে শিক্ষক নিয়োগ দুর্নীতির বড় অংশ সংগঠিত হয়েছে। প্রাক্তন বিচারপতি রঞ্জিত বাগ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রিপোর্ট হাইকোর্টে জমা দেন। জানা গিয়েছে,সেই রিপোর্টেই নাম রয়েছে সুবীরেশের।

About Post Author