Home » শুভেন্দু অধিকারীর পোস্টের পর নড়েচড়ে বসল প্রশাসন

শুভেন্দু অধিকারীর পোস্টের পর নড়েচড়ে বসল প্রশাসন

সময় কলকাতা ডেস্কঃ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সোশ্যাল মিডিয়ার পোস্টের ২৪ ঘন্টার মধ্যেই নড়েচড়ে বসল প্রশাসন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে টাকা চাওয়ার অভিযোগ উঠেছিল এক কর্মীর বিরুদ্ধে। তা নিয়েই বুধবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শুভেন্দু অধিকারী। অবশেষে সেই ব্যক্তিকে গ্রেফতার করল ভগবানপুর থানার পুলিশ। অভিযোগ, ভগবানপুর এক ব্লকের নেলুয়া গ্রামে আবাস যোজনার সার্ভে করার নামে উপভোক্তাদের কাছ থেকে টাকা চান ভগবানপুর এক ব্লকের প্রাণী ও প্রাণিসম্পদ দপ্তরের এক কর্মী সন্দীপ ভূঁইয়া। প্রতিবাদে অভিযুক্তকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। তারপরে নিজের ভুল স্বীকার করে হাতে পায়ে ধরে মুচলেখা দিয়ে স্থানীয় মানুষজনের হাত থেকে মুক্তি পান ওই ব্যক্তি।

সোশ্যাল মিডিয়ায় ওই ব্যক্তির ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে সরব হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তার স্যোশাল মিডিয়ায় অভিযুক্তের ভিডিও সহ বিষয়টি পোস্ট করেন। তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন। ভগবানপুর এক ব্লক প্রশাসনের পক্ষ থেকে ভগবানপুর থানায় ওই ব্যক্তির নামে অভিযোগ জানানো হয়। বুধবার অভিযুক্ত সন্দীপ ভূঁইয়াকে গ্রেফতার করে ভগবানপুর থানার পুলিশ।

সম্প্রতি কেন্দ্রীয় আবাস যোজনা প্রকল্পে ৮২০০ কোটি টাকা রাজ্যকে বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। প্রাপ্ত অর্থে প্রায় ১১ লাখ নতুন ঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে। আবাস যোজনার বকেয়া বরাদ্দ নিয়ে কেন্দ্র-রাজ্য দড়ি টানাটানি হয়েছে বিস্তর। সরকারি প্রকল্পগুলিতে যাতে কোনওভাবে কারচুপি না হয়, সে ব্যাপারে কিছু শর্ত বরাদ্দ করেছে কেন্দ্র। পাশাপাশি, ঘর বন্টনে ত্রুটিমুক্ত ব্যবস্থা নিয়ে একটি উচ্চ পর্যায়ে পর্যবেক্ষক দল গঠন করেছে নবান্ন। আইএএস পদাধিকারী সহ একাধিক আমলাকে রাখা হয়েছে সেই টিমে। বিভিন্ন জেলায় আশা, অঙ্গনওয়াড়ি কর্মীদের হেনস্থার বিষয়টি নিয়েও গ্রামোন্নয়ন দফতর শীঘ্রই বৈঠকে বসতে পারে বলেও জানা গিয়েছে।

About Post Author