Home » বেনারস এবং কাশীতে ‘প্রজাপতি’র ঝলক

বেনারস এবং কাশীতে ‘প্রজাপতি’র ঝলক

সময় কলকাতা ডেস্কঃ রাজনীতির আঙিনায় তাঁদের ভিন্ন অবস্থান  হলেও পেশাদারী জগতে তাঁরা একাত্ম। প্রজাপতির সৌজন্যে আরও একবার তাঁরা একজোট। আগামী ২৪ ডিসেম্বর আসছে দেব এবং মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি ‘প্রজাপতি’। ইতিমধ্যেই এই ছবির ট্রেলার এবং একটি গান মুক্তি পেয়েছে। তবে,ছবির দ্বিতীয় গান মুক্তির আগেই কাশী বিশ্বনাথ মন্দিরের অন্দরের ছবি পোস্ট করলেন দেব। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে টলিউড সুপারস্টার দেব বেশ কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, “অনেক ধন্যবাদ, ‘প্রজাপতি’র প্রথম গান ‘তুমি আমার হিরো’কে এত ভালোবাসা দেওয়ার জন্য। নতুন গানের জন্য তৈরি হন। ‘প্রজাপতি’র দ্বিতীয় গান মুক্তি পাবে শীঘ্রই। যার শ্যুটিং হয়েছে বেনারস জুড়ে এবং কাশী বিশ্বনাথ মন্দিরের ভিতরে।” ছবিগুলিতে দেখা গিয়েছে, কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিচ্ছেন দেব এবং মিঠুন চক্রবর্তী।

অন্যদিকে,এই ছবির হাত ধরেই দীর্ঘ ৪৬ বছর পর ফের বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও মমতা শংকর জুটিকে। ‘মৃগয়া’ সিনেমায় মৃণাল সেন রুপোলি পর্দায় এই জুটি বেঁধেছিলেন। পরিচালক অভিজিৎ সেনের আগামী ছবি ‘প্রজাপতি’-তে দেখা যাবে এই জুটিকে। উত্তম-সুচিত্রা, উত্তম-সুপ্রিয়া এবং সৌমিত্র-সন্ধ্যা জুটি চিরকালই দর্শকের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছিল। তবুও মিঠুন-মমতা শঙ্কর জুটিকে যেন আলাদা করেই মনে রাখতে হয়। দেব ইন্টারটেইনমেন্ট ভেঞ্চার এবং অতনু রায় চৌধুরীর বেঙ্গল টকিজের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ‘প্রজাপতি’।
‘প্রজাপতি’ সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন দেব। মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে দেবের বাবার চরিত্রে অভিনয় করতে। জানা গিয়েছে, বাবা ও ছেলের সম্পর্কের গল্পই বলবে এই ছবি। ইতিমধ্যে ছবির শুটিং ও শেষ হয়ে গিয়েছে। মূলত কলকাতা ও বারাণসী-জুড়েই ছবির শুটিং হয়েছে। জানা গিয়েছে, চলতি বছর ক্রিসমাসেই মুক্তি পাবে এই সিনেমা। অন্যদিকে,এই ছবির হাত ধরেই প্রথমবার বড়পর্দায় পা রেখেছেন ছোটপর্দার অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। কিছুদিন আগেই একটি সাক্ষাৎকারে দেব বলেন,”মানুষের টনিক যত ভালো লাগেছে তার থেকেও বেশি ভালো লাগবে প্রজাপতি। প্রজাপতির গুরুত্বপূর্ণ অংশই হল ছবির গান। ছবিতে তিন জন নাম করা মিউজিক ডিরেক্টর কাজ করেছেন। তাঁরা তাদের সেরা কাজটা দেওয়ার চেষ্টা করেছেন। আশা করি ছবির গানগুলি সকলের ভালো লাগবে।”
চলতি বছরের সরস্বতী পুজোর সময়েই এই ছবির ফার্স্টলুক প্রকাশ্যে এনেছিলেন দেব। ইনস্টাগ্রামে ছবির প্রথম লুক শেয়ার করে দেব লিখেছিলেন, “বাঙালির ভ্যালেন্টাইন্স ডে– তে সারাদিন হোক মাতামাতি, খুব শীঘ্রই উড়বে আমাদের বিয়ের প্রজাপতি।” যদিও ছবিতে কারা অভিনয় করছেন, সেই বিষয়ে তখন প্রকাশ্যে কিছু জানানো হয়নি।

About Post Author