সময় কলকাতা ডেস্কঃ দার্জিলিঙে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বেড়েই চলেছে। বুধবার দার্জিলিং পুরসভায় অনাস্থা নিয়ে ভোটাভুটি। দার্জিলিঙে ইতিমধ্যেই মোতায়েন রয়েছে কমব্যাট ফোর্স, স্ট্রাকো ফোর্স। এমনকী ১৪৪ ধারাও জারি করেছে প্রশাসন। এদিকে, পাহাড়ের গণতন্ত্র বাঁচাতে অজয় এডওয়ার্ডের আন্দোলনে যোগ দিয়েছেন গোর্খা জনমুক্তি সুপ্রিমো বিমল গুরুং ও তৃণমূলের সভাসদ বিনয় তামাং। মঙ্গলবার একই মঞ্চে দেখা গিয়েছে তিনজনকেই। এই আবহে দল থেকে পদত্যাগের ইঙ্গিতও দিয়েছেন বিনয় তামাং। তাহলে কি পাহাড়ে নতুন করে কোনও সমীকরণ তৈরি হয়েছে? এমনটাই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

যদিও ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ইতিমধ্যেই নতুন করে বোর্ড গঠন করার সিদ্ধান্তও নিয়েছেন। এ প্রসঙ্গে দলের মুখপাত্র কেশবরাজ পোখরেল বলেন,‘ওদের হেরে যাওয়ার ভয় রয়েছে। তাই নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এসব আন্দোলন করছে। আর ওদের এই আন্দোলনকে গোটা পাহাড় বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছে না। এমনকী শান্তিপূর্ণ পাহাড়কে অশান্ত করার চেষ্টা করছে। আমাদের দেশে নেতারা দল পরিবর্তন করেই থাকে। এতে কোনও ভুল নেই।’ অন্যদিকে, এ প্রসঙ্গে বিমল গুরুং বলেন, বর্তমানে ‘পাহাড়ে কোনও অনুশাসন নেই। গণতন্ত্রকে পুরোপুরি হত্যা করা হয়েছে। এদিকে,অর্থের লোভ দেখিয়ে কাউন্সিলর কেনাবেচা চলছে। আমরা এই রাজনীতির বিরুদ্ধেই সোচ্চার হয়েছি। কেন্দ্র ও রাজ্য নিজেদের প্রতিশ্রুতি পালনে সম্পূর্ণ ব্যর্থ।’

প্রসঙ্গত,গত ২৪ নভেম্বর দার্জিলিং পুরসভার চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার ছ’জন কাউন্সিলর মিটিং ডাকার জন্য নোটিস দেয়। নিয়ম হচ্ছে, এই ধরনের চিঠির পর ১৫ দিনের মধ্যে বৈঠক ডাকতে হয়। কিন্তু তা না হওয়ায় ১৩ ডিসেম্বর ভাইস চেয়ারম্যানকে ফের জানানো হয়। তাতেও কাজ হয়নি। এরপর তিনজন কাউন্সিলর চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনার জন্য ১৮ ডিসেম্বর বৈঠক ডাকে। তার পরেই চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আটকাতে হাই কোর্টের সার্কিট বেঞ্চে যায় হামরো পার্টির চেয়ারম্যান রীতেশ পোর্টেল ও ভাইস চেয়ারম্যান ইয়াঞ্জি শেরপা। সেই আবেদনের ভিত্তিতে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে সোমবার বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দেন, হামরো পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারবেন কাউন্সিলররা। তবে, দার্জিলিং পুরসভায় অনাস্থা ভোটাভুটির আগে পাহাড়ের গণতন্ত্র বাঁচাতে অজয় এডওয়ার্ডের আন্দোলনে যোগ দিলেন গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুং সহ তৃণমূলের সভাসদ বিনয় তামাং। বিমল গুরুং ও বিনয় তামাংকে ডেকে অজয় এডওয়ার্ড এটা প্রমাণ করতে মরিয়া যে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা অনৈতিকভাবে বোর্ড দখল করতে চাইছে।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের