সময় কলকাতা ডেস্কঃ ২০২৩ এর প্রথমেই ত্রিপুরার বিধানসভা নির্বাচন। মেঘালয়ের পাশাপাশি এবার ত্রিপুরাতেও নির্বাচনে অংশ নিতে চলেছে তৃণমূল। তার আগেই তৃণমূলের পালে হাওয়া লাগাতে নতুন বছরের শুরুর ত্রিপুরায় যেতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর সফর সঙ্গী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, মমতা-অভিষেকের সফরের আগেই রাজ্যে ভোটের বিজ্ঞপ্তি জারি হতে পারে। আগামী ফেব্রুয়ারি মাসেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। মমতা-অভিষেক রাজ্যে প্রচার করলে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের পালে হাওয়া আরও জোরদার হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ কমিটি জোর কদমে ভোটের প্রস্তুতি চালাচ্ছে। এ বিষয়ে তৃণমূলের ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি পীযূষকান্তি বিশ্বাস জানান,‘ভোটের বিজ্ঞপ্তি জারি হলেই ত্রিপুরায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যেই জনসভা হবে। আলাদাভাবে সংবাদমাধ্যমের মুখোমুখিও হবেন তৃণমূল নেত্রী। এরপরেই রবীন্দ্র ভবনে দলের গুরুত্বপূর্ণ পদাধিকারীদের নিয়ে সভা করবেন। সেখানে নির্বাচনী প্রস্তুতি নিয়ে তাঁদের যাবতীয় নির্দেশিকা দেওয়া হবে।’

সামনেই মেঘালয়ের পাশাপাশি ত্রিপুরাতেও বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে তার প্রস্তুতিও জোরকদমে শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলি নিজেদের ভিটে মাটি শক্ত করতে নানান প্রস্তুতি নিচ্ছে। যদিও এই তালিকা থেকে বাদ যায়নি শাসক দল। তৃণমূল কংগ্রেসও দলীয় স্তরে একাধিক কর্মসূচি পালনে ব্যস্ত। সূত্রের খবর, অভিষেক এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মেঘালয়ের পর ত্রিপুরার সফরেই উত্তর পূর্ব ভারতের রাজনীতিতে বড় চমক দেখা যেতে পারে। কেননা অন্যান্য দলের কিছু তাবড় নেতাদের মধ্যে দল ছেড়ে কেউ কেউ নাম লেখাতে পারেন তৃণমূলে। যদিও তৃণমূলের তরফে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের