সময় কলকাতা ডেস্ক: হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে চলবে বন্দে ভারত এক্সপ্রেস। ৩০ ডিসেম্বর হাওড়া স্টেশন থেকে ট্রেনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২২ নম্বর প্ল্যাটফর্মের মূল অনুষ্ঠান ঘিরে তৈরি হচ্ছে দেশের মধ্যে সর্বোচ্চ নিরাপত্তা বলয়। মঙ্গলবার অনুষ্ঠান স্থল ঘুরে দেখেন রাজ্য ও রেল পুলিশ কর্তা, আরপিএফ ও রেলের আধিকারিকরা। নিরাপত্তা নিয়ে বৈঠক করে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, হাওড়া থেকে মালদা হয়ে নিউ জলপাইগুড়ি রুটে চলবে দেশের সর্বোচ্চ গতির এই ট্রেন। ২৮ ডিসেম্বর রাত থেকেই বন্ধ করে দেওয়া হবে হাওড়া নিউ কমপ্লেক্সের ক্যাবওয়ে। পাশাপাশি বন্ধ থাকবে ২১, ২২ ও ২৩ নম্বর প্ল্যাটফর্ম। ওই রাস্তা ও প্ল্যাটফর্ম থেকে সমস্ত ট্রেন, যান ও যাত্রী চলাচল বন্ধ থাকবে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-সহ আরও বেশ কয়েকজন মন্ত্রী।

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮০ কিলোমিটার। ২০১৯ সাল থেকে ভারতে চলছে বন্দে ভারত এক্সপ্রেস। ভারতজুড়ে বিভিন্ন রুটে বর্তমানে ছ’টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। এই ট্রেনটি বর্তমানে সব রুটেই চলছে ১৫০ থেকে ১৬০ কিলোমিটার বেগে। হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে কলকাতা ও উত্তরবঙ্গের পৌঁছতে সময় লাগবে পাঁচ থেকে ছয় ঘণ্টা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি