Home » স্বামীর বয়ানে অসংগতি! বাগনান খুন কাণ্ডে বাড়ছে রহস্য

স্বামীর বয়ানে অসংগতি! বাগনান খুন কাণ্ডে বাড়ছে রহস্য

সময় কলকাতা ডেস্কঃ বাগনান খুন কাণ্ডে ক্রমশ বাড়ছে রহস্য। বুধবার সকালে ছিনতাইবাজের কবলে পড়েছিলেন রিয়া কুমারী। ছিনতাইকারীদের বাধা দিতে গেলে রিয়ার কানের নিচে গুলি করে তাদের টাকা পয়সা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে সেখান থেকে পালিয়ে যায় তারা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রিয়া। এরপরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতার স্বামীর বয়ানে মিলেছে অসংগতি। সত্যিই কি ছিনতাইবাজের কবলে পড়েছিলেন রিয়া ? এই প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গিয়েছে, মৃত রিয়া কুমারী ওরফে ইশা আলিয়ার ঝাড়খণ্ডের অভিনেত্রী। ইউটিউবার হিসেবেও খ্যাতি রয়েছে অভিনেত্রীর। তাঁর স্বামী প্রকাশ ঝাড়খণ্ডের একজন চিত্র পরিচালক । প্রকাশ পুলিশকে জানিয়েছে, সামনেই মেয়ের জন্মদিন। তাই উপহার কিনতে ঝাড়খণ্ড থেকে কলকাতা আসছিলেন তারা। এই দাবি কতটা সত্য তা নিয়ে ধন্দে পুলিশ। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা সত্বেও গাড়িতে মেলেনি রক্তের দাগ। ঘটনাস্থল থেকে গুলির খোলও উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ।

প্রকাশ পুলিশকে আরও জানিয়েছে, বাইরে থেকে ছিনতাইকারীরা গুলি চালায়। অথচ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গাড়ির কাচ বন্ধ ছিল। পুলিশ জানিয়েছে, গাড়ির কাঁচ অক্ষত অবস্থায় রয়েছে। এছাড়াও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে মৃতার স্বামীর বয়ানে। এই খুনের পেছনে রয়েছে কোনো পূর্ব পরিকল্পনা রয়েছে কিনা তার তদন্তে পুলিশ।

 

About Post Author