Home » ফের থমকে গেল টুইটার পরিষেবা

ফের থমকে গেল টুইটার পরিষেবা

সময় কলকাতা ডেস্ক: টুইটারের সমস্যা যেন কিছুতেই মিটছে না। হঠাৎ থমকে গেল টুইটারের পরিষেবা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবহারকারীরা অভিযোগ, টুইটার অ্যাপ খুলছে না।  অভিযোগ, টুইটারে লগ ইন করতে পারছেন না বহু ব্যবহারকারী। তবে কেন এই সমস্যা তা নিয়ে এলন মাস্কের মালিকানাধীন মাইক্রোব্লগিং সাইটের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। বিভিন্ন সূত্রে মারফত খবর, আমেরিকা-কানাডার প্রায় ১০ হাজার ইউজার টুইটারে লগ ইন করতে গিয়ে সমস্যায় পড়েন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সমস্যা মেটেনি।

ব্যবহারকারীদের অভিযোগ, মাস্ক টুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক সমস্যার মুখে পড়ছেন তাঁরা। একসঙ্গে ৭৫ শতাংশ কর্মীকে বরখাস্ত করার ফল ভুগছে টুইটার। এখনও পর্যন্ত কী কারণে এই সমস্যা, কতক্ষণে তা সমাধান হবে তা নিয়ে টুইটারের তরফে একটি শব্দও খরচ করা হয়নি।

উল্লেখ্য, এবছর এপ্রিল মাসে প্রথম টুইটার কেনার আগ্রহ দেখান এলন মাস্ক। শেয়ার প্রতি ৫৪.২০ ডলারের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। সেইমতো চুক্তিও হয়। ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কেনার কথা হয়। কিন্তু শেষমেশ তা আর বাস্তবায়িত হয়নি। তারপরেই শুরু হয় আইনি লড়াই। এলন মাস্কের বিরুদ্ধে একটি মামলাও করে টুইটার। পাল্টা টুইটারকে কাঠগড়ায় তুলে আদালতেও যান মাস্ক। তবে এসবের মধ্যে আদালতের বাইরেই দু’পক্ষ সমঝোতা করে নেয় নিজেদের মধ্যে। এরপরই আগের দামেই টুইটার কিনে নেন এলন মাস্ক। ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৩৬ হাজার ৯১০ কোটি টাকার বিনিময়ে টুইটারের মালিকানা পান তিনি।

About Post Author