Home » বাগনান খুনকাণ্ডে চাঞ্চল্যকর মোড়! টাকার জন্য খুন, তদন্তে পুলিশ

বাগনান খুনকাণ্ডে চাঞ্চল্যকর মোড়! টাকার জন্য খুন, তদন্তে পুলিশ

সময় কলকাতা ডেস্কঃ বাগনান খুন কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! ঝাড়খণ্ডের জনপ্রিয় ইউটিউবার রিয়া কুমারী ওরফে ইশা আলিয়ার খুনের ঘটনায় ইতিমধ্যেই রিয়ার স্বামী প্রকাশ কুমারকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর,  প্রকাশের দ্বিতীয় পক্ষের স্ত্রী রিয়া। দ্বিতীয় স্ত্রী রিয়া কুমারীকে ছাড়ার জন্য চাপ দিচ্ছিল প্রকাশ কুমারের পরিবারের সদস্যরা। আরও জানা গিয়েছে, বাজারে বিস্তর দেনা ছিল প্রকাশের । অভিনেত্রীর নামে থাকা  ৪০ থেকে ৫০ লক্ষ টাকার জীবন বিমার নমিনি ছিলেন প্রকাশ। পুলিশের প্রাথমিক অনুমান, প্রকাশের হাতেই খুন হয়েছে ঝাড়খণ্ডের অভিনেত্রী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে নিহত রিয়া কুমারীর দেহ উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের মর্গে রাখা রয়েছে। আজ সেখানে গিয়ে রিয়ার দেহ ফরেন্সিক পরীক্ষা করা হবে। হাসপাতাল সূত্রে খবর, ফরেন্সিক দল হাসাপাতালে পৌঁছে যাবতীয় নমুনা সংগ্রহ করবে। জানা গিয়েছে, রিয়ার মাথার ডান দিকে কানের নীচে গুলি লেগেছিল। সেই অংশ এফোঁড় ওফোঁড় হয়ে গিয়েছে। সেখানকার চামড়াও নমুনা হিসেবে সংগ্রহ করবে ফরেন্সিক টিম।

প্রসঙ্গত, বুধবার সকালে ছিনতাইবাজের কবলে পড়েছিলেন রিয়া কুমারী। ছিনতাইকারীদের বাধা দিতে গেলে রিয়ার কানের নিচে গুলি করে তাদের টাকা পয়সা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে সেখান থেকে পালিয়ে যায় তারা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রিয়া। এরপরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। গাড়ি থেকেই উদ্ধার হয়েছে কার্তুজের খোল। গাড়ির ভিতর ঢুকে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা, প্রাথমিক তদন্তে এমনটাই পুলিশের অনুমান। সে সময় গাড়িতে ঘুমিয়ে ছিলেন অভিনেত্রী। স্বামীর হাতে বন্দুক ছিল কিনা, সেটাও পরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকেই যে গুলি চালানো হলেও গাড়ির ভিতর রক্তের কোনও দাগ মেলেনি বলেই জানা গিয়েছে। তদন্তকারীদের বক্তব্য, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি না করা হলে, এভাবে কানের পিছন থেকে বুলেট ফুঁড়ে যেতে পারে না। প্রথম থেকেই অভিনেত্রীর স্বামীর বয়ানে একাধিক অসঙ্গতি পাওয়ায় বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয় তাকে।

About Post Author