সময় কলকাতা ডেস্কঃ ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। শুক্রবার ভোরে, দিল্লি দেরাদুন হাইওয়েতে রুরকি সীমান্তের কাছে পথ দুর্ঘটনার কবলে পড়েন তিনি। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই গাড়িতে আগুন লেগে যায়। ঋষভকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রুরকি হাসপাতালে। গাড়িটি আগুনে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গিয়েছে। দুর্ঘটনায় ঋষভের মাথা, পিঠ এবং পা -য়ে গুরুতর চোট লেগেছে বলেই জানা গিয়েছে। বিএমডব্লিউ গাড়িটি নিজেই চালাচ্ছিলেন পন্থ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নারসান বর্ডারের কাছে ঋষভের গাড়িটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায়। বহু কষ্টে আগুন নেভানো হয়। তবে গাড়িটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ১০৮ নম্বরে ডায়াল করে রুরকির হাসপাতালে ভর্তি করেন ঋষভকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ সুপার দেহাত স্বপ্ন কিশোর সিং। হাসপাতাল সূত্রে খবর, পন্থ এখন অনেকটাই স্থিতিশীল। তাঁর চোট খুব একটা গুরুতর নয়। পন্থকে ভর্তি করানো হয়েছে দেরাদুনের ম্যাক্স সুপারস্পেশ্যালিটি হাসপাতালে। আপাতত পর্যবেক্ষণে রয়েছেন তিনি। পরিস্থিতি দেখে তাঁকে দিল্লি এইমসে ভর্তি করা হতে পারে।

ঋষভের দ্রুত আরোগ্য কামনা করছে গোটা ক্রিকেট বিশ্ব।


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে