সময় কলকাতা ডেস্কঃ পাতুরি হোক বা ফিশ ফ্রাই-নানা ভাবেই বাঙালির মন জয় করেছে মাছ। মাছ চিরকালই বাঙালির বড় প্রিয়। মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি বোধহয় খুব কমই দেখা যায়। কিন্তু চেনা খাবারের অচেনা স্বাদ পেতে কে না চায় বলুন। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই অতিথিদের কিংবা পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন চিংড়ি মাছের মুইঠ্যা। চেনা পদের অচেনা বদল দেখতে মুইঠ্যা বানান চিংড়ি দিয়ে। রইল রেসিপি-
উপকরণ
চিংড়ি মাছ-৫০০ গ্রাম
আলু সেদ্ধ-১৫০ গ্রাম
ধনেপাতা কুচি-২ চামচ
লঙ্কা গুঁড়ো- ২ চামচ
হলুদ গুঁড়ো- ২ চামচ
ধনে গুঁড়ো-২ চামচ
লেবুর রস- ১ চামচ
কাঁচালঙ্কা বাটা- ২ চামচ
নুন ও চিনি- স্বাদমতো
আদা,রসুন,পেঁয়াজ বাটা-২ চামচ
কাজু- ৮ থেকে ১০টি
টম্যাটো-১টি
গোটা গরমমশলা-পরিমাণমতো
তেজপাতা-১টি
নারকেলের দুধ-১ কাপ
সর্ষের তেল-৫ চামচ
প্রণালী
প্রথমেই চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে ভাল করে পরিষ্কার করে নিন। এবার চিংড়িগুলোকে ভাল করে বেটে নিন। এরপর একটি বড় পাত্রে চিংড়ির সঙ্গে আলু সেদ্ধ, ধনেপাতা কুচি, আদা,রসুন,পেঁয়াজ বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লেবুর রস, কাঁচালঙ্কা বাটা, নুন ভাল করে মিশিয়ে নিন। দেখবেন যেন প্রত্যেকটি উপদান ভাল করে মিশিয়ে যায়। এবার একটি কড়াইয়ে সামান্য তেল নিয়ে তাতে কাজু ও টম্যাটো দিয়ে ভাল করে ভেজে নিন। এরপর অন্য পাত্রে রেখে মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে ভাল করে বেটে নিন। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে তেজপাতা ও গোটা গরমমশলা ফোড়ন দিয়ে বাটা মশলা দিয়ে দিন। ভাল করে একটু নাড়াচাড়া করে সব রকম গুঁড়ো মশলা দিয়ে ভাল করে কষিয়ে নিন। তেল ছেড়ে এলে নারকেলের দুধ দিয়ে ভাল করে নাড়তে থাকুন। এবার বেটে রাখা চিংড়ি মাছের মিশ্রণ বড়ার মতো গড়ে নিয়ে ঝোলে ছেড়ে দিন। মিনিট পাঁচেক ঢাকা দিয়ে ফুটতে দিন। এবার গ্যাসের আঁচ বন্ধ করে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। ব্যস তৈরি চিংড়ি মাছের মুইঠ্যা। সাদা ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে দারুণ জমবে চিংড়ি মুইঠ্যা।
জমিয়ে খান চিংড়ির মুইঠ্যা


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার