Home » শুরু হতে চলেছে ২০২৩ পুরুষ হকি বিশ্বকাপ

শুরু হতে চলেছে ২০২৩ পুরুষ হকি বিশ্বকাপ

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক,১ জানুয়ারি : ফুটবল বিশ্বকাপ শেষ হতে না হতেই এসে পড়েছে পুরুষ হকি বিশ্বকাপ। হকি বিশ্বকাপ শুরু হওয়ার পরে দেখতে দেখতে ৫০ বছর কেটে গিয়েছে। সন তারিখ ধরলে  ১৯৭১ সালের  প্রথম হকি বিশ্বকাপের  পর থেকে ৫২ বছর পরে ২০২৩ সালে এসে পঞ্চদশ হকি বিশ্বকাপের আয়োজন হতে চলেছে ভারতের উড়িষ্যায়। উড়িষ্যার ভুবনেশ্বর ও রাউরকেল্লা ২০১৮ পদাঙ্ক অনুসরণ  করে  আয়োজন করতে চলেছে এবারের বিশ্বকাপ। যদিও কাতারের উন্মাদনার ছিটেফোঁটা  নেই তবুও ১৬টি দেশ হকি বিশ্বকাপে  অংশ নিতে চলেছে।

১৭ দিন ধরে চলবে এবারের হকি বিশ্বকাপ।ভারতীয় হকি দলের প্রথম ম্যাচ স্পেনের বিরুদ্ধে, ১৩ জানুয়ারি, রাউরকেল্লায়। এই বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবে আর্জেন্টিনা ও দক্ষিণ আফ্রিকা। একই সময় অস্ট্রেলিয়া ফ্রান্সের মুখোমুখি হবে।আগেই উল্লেখ করা হয়েছে ১৬টি দেশকে নিয়ে ১৩ জানুয়ারি থেকে ওডিশার ভূবনেশ্বর ও রাউরকেল্লায় হবে হকি বিশ্বকাপ। ফাইনাল ২৯ জানুয়ারি। প্রথম রাউন্ডে চারটি পুলে ১৬টি দেশকে রাখা হয়েছে। চারটি পুল থেকে দুটি করে দল কোয়ার্টার ফাইনালে উঠবে। কোয়ার্টার ফাইনাল থেকে টুর্নামেন্ট নক আউট। প্রথম দিনই থাকছে চারটি ম্যাচ। প্রথম দিনই ভারতের ম্যাচ থাকছে  স্পেনের বিরুদ্ধে।

উল্লেখ্য হকিতে অলিম্পিকে ভারতের পারফরমেন্স অত্যন্ত গৌরবোজ্জ্বল হলেও  বিশ্বকাপ হকিতে  ১৯৭৫ সাল ছাড়া ভারতের গর্ব করার বিশেষ কিছুই নেই।১৯৭৫ সালেই ভারত প্রথম ও শেষবার হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ১৯৭৫ সালের বিশ্বকাপ ছিল তৃতীয় হকি বিশ্বকাপ। ১৯৭১ সালে প্রথম বিশ্বকাপ  যা কিনা স্পেনের বার্সেলোনায় হয়েছিল সেখানে ভারতের অন্তর্ভুক্তির বিষয়ে পাকিস্তানের একটি অংশ থেকে  আপত্তি উঠতে থাকে । হকি বিশ্বকাপ আয়োজনের ভাবনার  সময়কাল থেকেই  ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক চিত্র হয়ে ওঠে অগ্নিগর্ভ। তৎকালীন বাংলাদেশ  রাষ্ট্রের জন্ম ও ভারত-পাকিস্তান বৈরিতার কারণে প্রথম বিশ্বকাপ পাকিস্তানে হওয়ার কথা থাকলেও  শেষ পর্যন্ত প্রথম বিশ্বকাপের আসর বসে স্পেনের বার্সেলোনায়।প্রথম বিশ্বকাপে তৃতীয় স্থানাধিকারী ভারত ১৯৭৩ সালে  রানার্স আপও হয়।১৯৭৫ সালে চ্যাম্পিয়ন হওয়ার পরে  এরপর আর কখনও চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা প্রথম তিনেই থাকতে পারেনি ভারত। গত২০১৮ হকি বিশ্বকাপও ওডিশায় আয়োজিত হয়েছিল। সেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল বেলজিয়াম, রানার্স হয়েছিল নেদারল্যান্ডস, আর তৃতীয় হয় অস্ট্রেলিয়া। ভারত  নেদারল্যান্ডসের বিরুদ্ধে হেরে পঞ্চম স্থানে নিজেদের লড়াই শেষ করে । গত বছর টোকিও অলিম্পিকে পুরুষদের হকিতে পদকের খরা কাটিয়ে ব্রোঞ্জ জেতে ভারতীয় দল। ফলে সাম্প্রতিককালে  কিছুটা হলেও  ভারতীয় হকির গ্রাফ আস্তে আস্তে উঠছে।প্রত্যাশা বাড়ছে ভারতীয় দলের কাছে। এই মুহূর্তে হকিতে ভারতের  বিশ্ব ৱ্যাঙ্কিং ৬। শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, তারপরেই রয়েছে বেলজিয়াম, নেদারল্যান্ডস, জার্মানি ও ইংল্যান্ড। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল,হকি বিশ্বকাপের সবচেয়ে বেশি চারবারের চ্যাম্পিয়ন এবং কার্যত হকি বিশ্বকাপের উদ্ভাবক যে দেশ  সেই পাকিস্তান-ই এবার থাকছে না হকি বিশ্বকাপের আসরে।  এই মুহূর্তে বিশ্ব হকির মানচিত্রে তাদের স্থান সপ্তদশ। ভারতের গ্রুপে  স্বাভাবিকভাবেই সবচেয়ে শক্ত প্রতিপক্ষ ইংল্যান্ড। ইংল্যান্ড ও স্পেনের বাধা টপকাতে পারলেই ২৪ জানুয়ারি কোয়ার্টার ফাইনাল রাউন্ড থেকে নকআউট পর্যায়ে বিশ্বকাপ জয়ের দিকে পাখির চোখ করতে পারবে ভারত।

হকি বিশ্বকাপে ২০২৩-এ প্রথম রাউন্ডে ভারতের ম্যাচের সূচি
পুল ডি-তে ভারতের ম্যাচ
স্পেনের বিরুদ্ধে (১৩ জানুয়ারি, সন্ধ্যা ৭টা)
ইংল্যান্ডের বিরুদ্ধে (১৫ জানুয়ারি, সন্ধ্যা ৭টা)
ওয়েলশের বিরুদ্ধে (১৯ জানুয়ারি, সন্ধ্যা ৭টা)
২৪ জানুয়ারি থেকে শুরু কোয়ার্টার ফাইনালের খেলা
দুটি সেমিফাইনালের দিন :২৭ জানুয়ারি
ফাইনাল :  ২৯ জানুয়ারি।

About Post Author