Home » ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলার এবার ইস্টবেঙ্গলে

ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলার এবার ইস্টবেঙ্গলে

সময় কলকাতা ডেস্ক, ৫ জানুয়ারিঃ এলিয়ান্দ্রো ডস স্যান্টোসের পরিবর্তে ইমামী ইস্টবেঙ্গলে যোগ দিতে চলেছেন ব্রিটিশ ফুটবলার জ্যাক জার্ভিস। ক্লাব সূত্রে খবর, বৃহস্পতিবারই শহরে পৌঁছবেন তিনি।

অনেক প্রত্যাশা নিয়ে সাওপাওলোর ৩২ বছর বয়সী স্ট্রাইকারকে দলে নিয়েছিল লাল হলুদ। স্বয়ং কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের পছন্দে সিলমোহর দিয়েছিল ক্লাব কর্তারা। কিন্তু কম দিনেই মোহভঙ্গ। এবছর আইএসএলে সাতটি ম্যাচ খেলে ফেললেও এখনও গোলের দেখা পায়নি এলিয়ান্দ্রো ডস স্যান্টোস। অগত্যা কোচ ও কর্মকর্তাদের উপর তাঁর বিকল্পের জন্য সমর্থকদের চাপ বাড়ছিল। অবশেষে ৩১ বছরের ব্রিটিশ স্ট্রাইকার জ্যাক জার্ভিসকে বেছে নিল লাল হলুদ কর্মকর্তারা।
উলভারহ্যাম্পটনের যুব দল থেকে ফুটবল জীবন শুরু করেন জ্যাক। সেখান থেকে শ্রিউজবেরি টাউন হয়ে ২০০৬ সালে বার্মিংহাম সিটিতে আসেন ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এই ব্রিটিশ স্ট্রাইকার। বার্মিংহামের হয়েই প্রথমে যুব দল, তারপর সিনিয়র দলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক হয় জ্যাকের। বার্মিংহামের হয়ে এফএ কাপেও খেলেছেন তিনি। মূলত স্ট্রাইকার হলেও উইং, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারদর্শী জ্যাক।

যদিও বার্মিংহামের হয়ে নিয়মিত প্রথম দলে থাকার সুযোগ পাননি তিনি। পোর্টসমাউথ, স্যালফোর্ড, লুটন টাউনের মত ইংল্যান্ডের দ্বিতীয় সারির লিগে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা রয়েছে জ্যাক জার্ভিসের। ইংল্যান্ড ছাড়াও তুরস্কের সুপার লিগের ক্লাবেও খেলেছেন। শনিবার ওড়িশার বিরুদ্ধে আইএসএলে নামছে ইমামি ইস্টবেঙ্গল। সেই ম্যাচেই জ্যাকের অভিষেক হয় কিনা অপেক্ষায় লাল হলুদ সমর্থকরা।

About Post Author