Home » ‘বান্ধবীর সঙ্গে বিচ্ছেদ করুন’, প্রিয় ফুটবলারকে অভিনব আর্জি ভক্তদের

‘বান্ধবীর সঙ্গে বিচ্ছেদ করুন’, প্রিয় ফুটবলারকে অভিনব আর্জি ভক্তদের

সময় কলকাতা ডেস্ক,৫ জানুয়ারিঃ ফুটবল খেলাকে ঘিরে উন্মাদনা বিশ্বব্যাপী। প্রিয় ফুটবলারকে ঘিরে সমর্থকদের মধ্যে আবদারও নতুন কিছু নয়। কখনও সেলফি, কখনও সই করা জারসি আবদার লেগেই থাকে প্রিয় ফুটবলারদের কাছে।

কিন্তু বান্ধবীর সঙ্গে বিচ্ছেদের আবদার? এই কাণ্ড এই প্রথমবার। এবার এমনই আজব আবদারের মুখে ম্যানচেস্টার সিটির আর্জেন্টিনীয় ফরওয়ার্ড জুলিয়ান আলভারেজ। গত বছরের শেষে দেশের বিশ্বকাপ জেতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। সাতটি ম্যাচে মোট চারটি গোল করে রীতিমত সাড়া ফেলে দিয়েছিলেন ২২ বছরের ফরওয়ার্ড। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে দর্শনীয় গোল মনে করিয়েছে ৮৬ বিশ্বকাপের মারাদোনার গোলকে। প্রিমিয়ার লিগে পেপ গুয়ারদিওলার দলের আক্রমণের অন্যতম কাণ্ডারি আলভারেজ।

মাঠের ভিতর বিপক্ষের রক্ষণে সমস্যা তৈরি করা আলভারেজ এবার নিজে সমস্যায়। যদিও সমস্যা তাঁর বান্ধবীকে কেন্দ্র করে। বান্ধবীর সঙ্গে বিচ্ছেদের জন্য উঠে পড়ে লেগেছে তাঁর ভক্তরা। আলভারেজ ও ফেরেরোর প্রেমের সূত্রপাত ২০১৭ থেকে। দুজনেই আর্জেন্টিনার শহর কর্ডোবার বাসিন্দা। ফেরেরো একজন হকি খেলোয়াড় ও স্বাস্থ্য বিশেষজ্ঞ। পাশাপশি সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট অ্যাক্টিভ তিনি।

কিন্তু কেন ভক্তদের রোষের মুখে আলভারেজ বান্ধবী? ঘটনার সূত্রপাত ক্রিসমাসের সন্ধ্যায়। বান্ধবী অ্যামেলিয়া ফেরেরোকে নিয়ে রেস্তোরায় গিয়েছিলেন আলভারেজ। সেসময় ভক্তরা প্রিয় আলভারেজকে সামনে পেয়ে সেলফির জন্য আবদার করতে থাকেন। সে সময় মধ্যস্থতায় নামেন আলভারেজ বান্ধবী। সবার সঙ্গে আলাদা নিজস্বী তোলার বদলে একটি গ্রুপ ছবি তোলার পরামর্শ দেন তিনি। যাতে সময় বেশি না লাগে। আর এতেই চটেছেন আলভারেজ ভক্তরা। অনলাইনে একটি পিটিশন সাক্ষর করাতে থাকেন তাঁরা। ইতিমধ্যে ২০ হাজারের বেশি মানুষ সেই পিটিশনে সাক্ষর করেছেন।

যদিও ভক্তদের এই আবদার যে তিনি পূরণ করবেন না তা আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন আলভারেজ।

About Post Author