Home » এবার মিড ডে মিলে মিলবে মাংস, ডিম, ফল

এবার মিড ডে মিলে মিলবে মাংস, ডিম, ফল

সময় কলকাতা ডেস্ক,৫ জানুয়ারিঃ পঞ্চায়েত ভোটের আগে মিড ডে মিল নিয়ে বড় সড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। এবার মিড ডে মিলে মাংস, ডিম, ফলের টাকা বরাদ্দ করল স্কুল শিক্ষা দফতর। রাজ্যের সমস্ত জেলা শাসকদের এ সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে নবান্নের তরফে। এবার থেকে রাজ্যের সরকারি, সরকার সাহায্য প্রাপ্ত স্কুলগুলিতে পড়ুয়াদের পাতে ডাল-ভাত-তরকারির পাশাপাশি থাকবে মুরগীর মাংস, ডিম থাকবে ফলও।

সপ্তাহে ৩ দিন ডিম ও মরসুমি ফল দেওয়া হবে। আর এর জন্য মোট রাজ্য সরকারের খরচ হবে অতিরিক্ত ৩৭০ কোটি টাকা। প্রতি সপ্তাহে পড়ুয়াপিছু অতিরিক্ত ২০ টাকা খরচ করা হবে। একমাসে পড়ুয়া পিছু মোট ৩২০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৪ মাস, অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মিড ডে মিলে নতুন মেনু নির্ধারণ করা হয়েছে।

মিড-ডে মিল প্রকল্পে দুর্নীতি প্রকাশ্যে এসেছে গত কয়েক মাস ধরে। একশো দিনের কাজ, আবাস যোজনার পর মিড ডে মিলে এই দুর্নীতি যা সরাসরি ভাবে প্রভাব ফেলেছে সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষের মনে। সামনেই পঞ্চায়েত নির্বাচন। শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ একাধিক ইস্যুতে কোণঠাসা রাজ্যের শাসক দল। আর তাই গ্রামাঞ্চলের প্রান্তিক শ্রেণীর মানুষের আস্থা ফিরে পেতে মিড ডে মিলে ডিম মাংস ফল দেওয়ার সিদ্ধান্ত স্কুল শিক্ষা দপ্তরের। চাল চুরি থেকে নিম্নমানের খাবার পরিবেশন, কম ছাত্রকে খাইয়ে বেশি ছাত্র দেখানোর মতো নানা অভিযোগে এর আগে স্কুলের প্রধান শিক্ষক ঘেরাওয়ের ঘটনা যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছিল জেলায় জেলায়।

প্রসঙ্গত, মিড-ডে মিলের ৬০ শতাংশ বরাদ্দ করে কেন্দ্র, বাকি ৪০ শতাংশ টাকা আসে রাজ্য থেকে। মিড ডে মিলে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ পড়ুয়া, অভিভাবকদের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলোর। আর তাই পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের মুখ বন্ধ করতে এই উদ্যোগ বলেও মনে করছে ওয়াকিবহাল মহল

About Post Author