সময় কলকাতা স্পোর্টস ডেস্ক,৭ জানুয়ারি : কোন যাদুকাঠির ছোঁয়ায় বদলে গেল ভারতের সর্বোচ্চ পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট আইএসএল?তবে কি সাবালক হতে চলেছে আইএসএল? প্রশ্ন উঠতে বাধ্য কারণ ২০১৪ সাল আই এস এল পথ চলা শুরু করলেও ২০২২-২৩ মরশুমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দল গুলির মধ্যে লড়াই তীব্র থেকে তীব্রতর হয়েছে, টুর্নামেন্ট মাঝপথে এসে যাওয়ার পরে লড়াই হচ্ছে প্রবল। জমে উঠেছে আই এস এল।

এবারের আইএসএলের দিকে একটু নজর রাখলেই বোঝা যাবে যে ১১ দলের মধ্যে পয়েন্ট টেবিলে প্রথম ৯টি দল নিজের নিজের লক্ষ্যে স্থির।আপাতত প্রাথমিকভাবে ভিন্ন ভিন্ন লক্ষ্য মাত্রা এক একটি দলের। ফলে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেয়ানে -সেয়ানে। এখন আর এ নিয়ে সন্দেহের অবকাশ নেই যে, টুর্নামেন্টের ফরম্যাট বদলে এবছর নতুনত্বের ছোঁয়া আনতেই প্রতিদ্বন্দ্বিতা জোরদার হয়ে উঠেছে। প্রথম বছর থেকে প্লে-অফে অবতীর্ণ হত প্রথম চারটি দল। এবার নিয়ম পাল্টেছে। প্লে অফে পৌছবে মোট ছটি দল। প্রথম চারটি দলকে সরাসরি সেমিফাইনালে খেলার ছাড়পত্র দেওয়ার নিয়ম বদলে শুধুমাত্র লিগ পর্যায়ের বিশ্ব স্থানাধিকারী দুটি দলকে সরাসরি সেমিফাইনালে অংশ নিতে দেখা যাবে। তৃতীয় স্থানাধিকারী দলের মুখোমুখি হবে ষষ্ঠ দল।অপরদিকে চতুর্থ ও পঞ্চম দল সেমিফাইনালে ওঠার জন্য মুখোমুখি হবে। স্বাভাবিকভাবেই এগারোটি দলের প্রত্যেকটি দল প্রথম ছয়ের শেষ তালিকায় ঢোকার জন্য সচেষ্ট। ফলে এবার আই এস এল এর ইতিমধ্যে অর্ধেকের বেশি ম্যাচ খেলা হয়ে গেলেও নির্দিষ্টভাবে বলা সম্ভব হচ্ছে না কোন ছটি দল প্লে অফ রাউন্ডে পৌঁছাবে।যদিও এদের মধ্যে ইতিমধ্যেই নিজেদের অবস্থান অত্যন্ত মজবুত করে ফেলেছে হায়দ্রাবাদ এফসি ও মুম্বাই সিটি এফসি। হায়দ্রাবাদি এফসির পয়েন্ট ১৩ খেলায় ৩১। একটি ম্যাচ কম খেলে এবারের আই এস এলে একমাত্র অপরাজিত দল মুম্বাই সিটি এফসির প্রাপ্ত পয়েন্ট ৩০। পয়েন্ট টেবিলে ২৫ ও ২৩ পয়েন্ট পেয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা কেরালা ব্লাস্টার্স ও এটিকে মোহনবাগান শেষ ছয়ে স্থান পাওয়ার বিষয়ে সম্পূর্ণভাবে না হলেও বেশ কিছুটা নিশ্চিত। তবে পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা এফ সি গোয়া বা ওড়িশা এফ সিকে বেগ দিতে পারে চেন্নাইয়ান এফ সি, বেঙ্গালুরু এফ সি ও ইমামি ইস্টবেঙ্গল। বলাবাহুল্য, এবছর জামশেদপুর এফ সি বা নর্থ ইস্ট ইউনাইটেডের আশা প্রায় বিলীন। সবমিলিয়ে,আগামী কয়েকটি ম্যাচ খুবই আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে।প্লে অফ রাউন্ডে যাওয়ার চাবিকাঠি পেতে স্বাভাবিকভাবেই এমুহূর্তে পঞ্চম থেকে নবম স্থানে থাকা পাঁচটি দলের কাছে আগামী কয়েকটি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকী,নবম স্থানে থাকা ইস্টবেঙ্গল দলের কোচ স্টিভেন কনস্ট্যান্টাইনও মনে করছেন শনিবার ওড়িশা এফ সির বিরুদ্ধে জিতলেই ছয়ে যাওয়ার লড়াইয়ে প্রবল ভাবে ঢুকে পড়বে ১১ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া ইস্টবেঙ্গল।উল্লেখ্য, সপ্তম স্থানে থাকা চেন্নাইয়ের দলের পয়েন্ট ১৪। তাদেরও শনিবার ম্যাচ রয়েছে জামশেদপুর এফ সির বিরুদ্ধে। আগামী কয়েকটি ম্যাচের মধ্যে পয়েন্ট টেবিলে উলটফের হতেই পারে,মোটেই স্বস্তিতে নেই ১৯ পয়েন্ট পেয়ে পঞ্চম বা ষষ্ঠ স্থানে থাকা এফ সি গোয়া বা ওড়িশা এফ সি। অন্যদিকে প্রথম চারটি দলের মধ্যে লড়াই তীব্রতর হতে চলেছে প্লে অফ রাউন্ডে সরাসরি যাওয়ার জন্য।প্রথম দুটি দলে থাকার বাড়তি সুবিধা হারাতে রাজি নয় কেউই।।


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের