Home » কাঁথি পুরসভার টেন্ডার দুর্নীতি কাণ্ডে কাঁথি থানার আইসিকে তলব

কাঁথি পুরসভার টেন্ডার দুর্নীতি কাণ্ডে কাঁথি থানার আইসিকে তলব

সময় কলকাতা ডেস্ক,৮ জানুয়ারিঃ কাঁথি পুরসভার টেন্ডার দুর্নীতি কাণ্ডে নয়া মোড়। এবার কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাসকে তলব করল সিবিআই। সোমবার সকাল সাড়ে ১০টায় কলকাতায় সিবিআইয়ের সদর দফতর নিজাম প্যালেসে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের খবর, কাঁথি পুরসভার টেন্ডার দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে তলব করেছে সিবিআই। জানা গিয়েছে, অধিকারী ঘনিষ্ঠ কাঁথি পুরসভার ঠিকাদার রামচন্দ্র পন্ডার বিরুদ্ধে ঠিকাদারের ভুয়ো শংসাপত্র দিয়ে কাজ নেওয়া হয়েছে বলে অভিযোগ দায়ের হয়। সেই মর্মে কাঁথি থানার পুলিশ তাকে গ্রেফতার করে। কিন্তু ইতিমধ্যে রামচন্দ্র পন্ডা হাই কোর্টের দ্বারস্থ হন। আদালতে অভিযোগকারী কাকলি পন্ডা জানান, তাঁকে জোর করে সই করিয়ে নেওয়া হয়েছে অভিযোগপত্রে। ওই অভিযোগ পত্রে যা অভিযোগ রয়েছে, তাঁর অভিযোগ সেটি ছিল না। তারপরেই সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। সেইমর্মে কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাসকে সিবিআই তলব করেছে বলে জানা গিয়েছে।

এর আগে গত ২৮ ডিসেম্বর শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ কাঁথি পুরসভার ঠিকাদার রামচন্দ্র পাণ্ডাকে গ্রেফতার করেছিল কাঁথি থানার পুলিশ। তাঁর গ্রেফতারির জল হাইকোর্ট অবধি গড়ায়। রামচন্দ্র পাণ্ডাকে সঠিকভাবে গ্রেফতার করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখতে সিবিআইকে নির্দেশ দেয় হাইকোর্ট। সেই সঙ্গে রামচন্দ্র পাণ্ডার জামিনও মঞ্জুর করে আদালত। যদিও রামচন্দ্রের দাবি ছিল, তাঁকে গ্রেফতার করার পর চাপ দেওয়া হয়েছিল শুভেন্দুর বিরুদ্ধে বয়ান দিতে।

About Post Author