সময় কলকাতা ডেস্ক, ১০ জানুয়ারি: গঙ্গাসাগরের তীর্থযাত্রীদের সুরক্ষার কথা ভেবে এই প্রথম কেন্দ্রীয় বাহিনী আসছে। এজন্য এক কোম্পানি আরপিএসএফ অনুমোদন করেছে রেল বোর্ড। পূর্ব রেলের আরপিএফের আইজি পরম শিব জানান, এক কোম্পানি আরপিএফের পাশাপাশি হাওড়া, মালদহ ও আসানসোল ডিভিশন থেকে ১১০ জন রক্ষীকে আনা হচ্ছে শিয়ালদহে। পাশাপাশি গঙ্গাসাগরের ভিড় সামাল দিতে ১২টি বিশেষ লোকাল ট্রেন চালানো হবে বলে জানা গিয়েছে রেল সুত্রে।

রবিবার থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। জানা গিয়েছে, গঙ্গাসাগর মেলায় এই বছর থেকে চালু হয়েছে কিউ আর এবং বারবোড বেসড ওয়াটারপ্রুফ হাতের ব্যান্ড। যার মাধ্যমে গঙ্গাসাগর মেলায় ভিড়ে কেউ হারিয়ে গেলে তাঁকে খুঁজে পাওয়া সহজ হবে। মেলায় আগত সমস্ত প্রবীণ এবং শিশুদের বিনামূল্যে কিউ আর রিস্টব্যান্ড বাফার জোন থেকে দেওয়া হচ্ছে। মূলত কোনও মানুষ যাতে মেলায় এসে নিখোঁজ না হয়ে যান, সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কিছুদিন আগেই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুণ্যার্থীদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে বেশ কয়েকটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন।

এবারের গঙ্গাসাগরের মেলার বিশেষ আকর্ষণ হল সাগর আরতি। আর কুম্ভস্নান শুরু হচ্ছে ১৪ তারিখ। পুণ্যস্নানের সময় ২৪ ঘণ্টা। গঙ্গাসাগর মেলা উপলক্ষে ২২৫০টি সরকারি বাস, ৫০০ বেসরকারি বাস চালু থাকবে। ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ চলবে। ১০টি ফায়ার স্টেশন, ২৫টি দমকলের ইঞ্জিন মোতায়েন রাখা হবে বলেই সূত্রের খবর।
প্রসঙ্গত,প্রতিবছর সাগর মেলায় লক্ষাধিক মানুষের সমাগম হয়। তার মধ্যে অবাঙালি পূণ্যার্থীদের সংখ্যা বেশিই থাকে। তবে গত দুবছর অতিমারির কারণে বিধিনিষেধ থাকায় সাগর মেলায় তেমন ভক্ত সমাগম হয়নি। চলতি বছরে বা আগামী বছরে আর করোনাবিধি না থাকায় সেই সংখ্যার অনেকটাই বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। এবারে সাগর মেলায় বিগত দুই বছরের মতনই করোনা প্রতিরোধের যথাযথ বন্দোবস্ত করা হয়েছে। করোনা সংক্রমণের আশঙ্কাও যাতে পুরোপুরি রোধ করা যায়, সে দিকে লক্ষ্য রেখে পর্যাপ্ত সংখ্যক ডাক্তার, নার্স ও প্যারামেডিকেল সংস্থান রাখা হয়েছে। ইতিমধ্যেই এই কাজের জন্য অন্তত ৪১ জন মেডিক্যাল অফিসার, ২০ জন নার্স ও বেশ ক’জন বিশেষজ্ঞ চিকিৎসক রাখা হয়েছে। সূত্রের খবর,বিভিন্ন রোগ প্রতিরোধের জন্য ইতিমধ্যেই প্রায় ২ কোটি ৯৫ লক্ষ টাকার বরাদ্দের হিসাব পেশ করা হয়েছে। ৯ থেকে ২৩ জানুয়ারির মধ্যে সাগরমেলা উপলক্ষে ১০৩ জন মেডিক্যাল অফিসার থাকবেন মেলার বিভিন্ন প্রান্তে। এর মধ্যে ১৮ জন থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসক। সাগর মেলার পাঁচটি পয়েন্টে থাকছে বিশেষ স্বাস্থ্যকেন্দ্র।


More Stories
মিলেছে”প্রমাণ “, বারাসাত কলেজে গোপনে মদ্যপান ও যৌনশিক্ষার আসর চলার অভিযোগ
বাজেট ও ক্ষুদ্র চা-চাষীদের স্বপ্ন
ধাক্কা তৃণমূলে, জ্যোতিপ্ৰিয় মল্লিক দলীয় সব পদ থেকে ইস্তফা দিলেন