সময় কলকাতা ডেস্ক,১৪ জানুয়ারিঃ চলতি বছরে মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘পদাতিক’। এই ছবিতে মৃণাল সেনের ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে এবং মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী মনামী ঘোষকে। এবার প্রকাশ্যে এল ছবির অভিনেতা ও অভিনেত্রীদের ফার্স্ট লুক। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী মনামী ঘোষ নিজের লুক শেয়ার করে লিখেছেন, ‘হাজার মাইল পথের যাত্রা শুরু হয় কেবলমাত্র একটি ধাপ দিয়ে’। সাদা কালো ছবিতে একেবারে অন্যরকম দেখাচ্ছে মনামীকে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চঞ্চল চৌধুরীর লুকও প্রকাশ্যে এসেছে। অভিনেতা ও অভিনেত্রীদের লুকে একেবারেই মুগ্ধ নেটিজেনরা।

কেউ তাঁকে বলেন ‘সংলাপের জাদুকর’, কারও কাছে আবার তিনি ক্যামেরার লেন্সে দুনিয়াদারিতে এক সাহসী ও নিপুণ পরিচালক। তিনি, মৃণাল সেন। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকের পর মৃণাল সেনই এমন একজন পরিচালক যাঁর হাত ধরে ভারতীয় চলচ্চিত্রের চালচিত্র এক নতুন দিশা খুঁজে পায়। কথায় আছে শিল্পীর মৃত্যু হলেও শিল্পের মৃত্যু হয়না। ঠিক তেমন ভাবেই মৃণাল সেন তাঁর সৃষ্টির মধ্য দিয়েই রয়ে গেছেন আমাদের মধ্যে। এই প্রজন্মের বিশিষ্ট পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সৃজনশীল ভাবনায় এবার সেলুলয়েডের পর্দায় আসবে মৃণাল সেনের স্মৃতিচারণা। ২০২২-এর ১৪ মে মৃণাল সেনের ৯৯ তম জন্মদিন উপলক্ষ্যে আগামী ছবির কথা ঘোষণা করেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ছবির নাম ‘পদাতিক দ্য ফুট সোলজার।’মৃণাল সেনের জীবনী থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এই ছবির পরিকল্পনা করেছেন বলেই জানা গিয়েছে। ২০২৩ সাল অর্থাৎ আগামী বছরেই মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বড় পর্দায় মুক্তি পাবে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এই ছবিটি।

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় পদাতিক ছবির পোস্টার শেয়ার করে সৃজিত মুখোপাধ্যায় লিখেছিলেন ‘কামিং সুন’। ছবির পোস্টারেও ছিল অভিনবত্ব। সাদা কালো ছবির পোস্টারে দেখা গিয়েছিল মৃণাল সেন বসে রয়েছেন রাস্তার ওপরে। একজন বাঙালি ও বাংলা ছবির দর্শক হিসেবে স্বর্ণযুগের স্বনামধন্য পরিচালক মৃণাল সেনের মতো ব্যক্তিত্বকে বড় পর্দায় দেখার জন্য ইতিমধ্যেই প্রহর গোনা শুরু করে দিয়েছে তাঁর ভক্তরা। সৃজিত নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,‘লকডাউন এর সময় থেকেই এই ছবির কথা সকলের সঙ্গে শেয়ার করার ইচ্ছা ছিল, কিন্তু তা আর হয়ে ওঠেনি। তবে মৃণাল সেনের জন্ম শতবার্ষিকীতে ভালো কিছুই হতে চলেছে। খুব চ্যালেঞ্জের সঙ্গেই নামতে হবে শুটিং ফ্লোরে।’


More Stories
প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য, হা হা করে হাসি ও কুশিক্ষা
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
ধুরন্ধর অভিনেতা নাদিম খান প্রলোভন দেখিয়ে সহবাসে অভিযুক্ত