সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ১৬ জানুয়ারি : শক্তিশালী মহারাষ্ট্রকে হারিয়ে সন্তোষ ট্রফির মূল পর্বে বাংলা। কোলাপুরের ছত্রপতি সাহু স্টেডিয়ামে মহারাষ্ট্রকে ২-১ গোলে হারালো বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা।

এদিন বাংলার হয়ে দুটি গোল সুরজিৎ হাঁসদা ও দীপক রজক। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেন বাংলার ছেলেরা। ম্যাচের ৮ মিনিটের মধ্যেই বাংলাকে ১-০ গোলে এগিয়ে দেন সুরজিৎ হাঁসদা।

ম্যাচের ৩৯ মিনিটে বাংলার হয়ে ব্যবধান বাড়ান দীপক রজক। ম্যাচের ৭৮ মিনিটে আরিফ শেখ ১-২ করলেও মহারাষ্ট্রের হার বাঁচাতে পারেননি। ঘরের মাটিতে ২-০ গোলে পিছিয়ে পড়ায় একটা সময় স্থানীয় সমর্থকদের রোষের মুখেও পড়তে হয় মহারাষ্ট্রের ফুটবলারদের। গ্যালারি থেকে মাঠে জলের বোতল, পাথর ছোড়েন তাঁরা। কয়েক মিনিট ম্যাচ বন্ধও থাকে। এই ম্যাচের আগে ৪ ম্যাচের সবকটিতে জিতে বাংলার সঙ্গে যুগ্মভাবে প্রথম স্থানে ছিল মহারাষ্ট্র।

এদিন চোটের কারণে বাংলার অধিনায়ক নরহরি শ্রেষ্ঠাকে বিশ্রামে রেখে দল সাজিয়েছিলেন কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য।চোটের কারণে প্রথম একাদশে ছিলেন না বাংলার অপর নির্ভরযোগ্য ফুটবলার সুব্রত মুর্মুও। এত না থাকা নিয়েও শক্তিশালী মহারাষ্ট্রকে ঘরের মাটিতে হারাল বাংলা দল।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার