Home » ধনী রাজনৈতিক দলের তালিকায় রকেট গতিতে তৃণমূল কংগ্রেস 

ধনী রাজনৈতিক দলের তালিকায় রকেট গতিতে তৃণমূল কংগ্রেস 

সময় কলকাতা ডেস্ক, ১৮ জানুয়ারিঃ শীর্ষে বিজেপি দ্বিতীয় স্থানে তৃণমূল কংগ্রেস। দেশের ধনী রাজনৈতিক দলের তালিকা রকেট গতিতে উপরে উঠে আসছে মা মাটি মানুষের তৃণমূল কংগ্রেস। সর্বভারতীয় রাজনৈতিক দলগুলির মধ্যে এই মুহূর্তে অনুদানের আয়ের নিরিখে দু’ নম্বরে তৃণমূল কংগ্রেস। সেখানে ১২৭ বছরের কংগ্রেস তিন নম্বরে।

অডিট রিপোর্ট অনুযায়ী, ২০২১-২২ অর্থবর্ষে বিজেপি-র অনুদান বাবদ আয় প্রায় ১৫৪ শতাংশ বেড়ে ১৯১৭ কোটি টাকায় পৌঁছেছে। ২০২০-২১ অর্থবর্ষে যা ছিল ৭৫২ কোটি।গত অর্থবর্ষে তৃণমূল অনুদান পেয়েছে ৫৪৫.৭ কোটি টাকা। অনুদান বাবদ আয়ের নিরিখে তৃণমূলের সামান্য় পিছনেই রয়েছে কংগ্রেস। ২০২১-২২ অর্থবর্ষে এই খাতে তাদের আয় বেড়ে হয়েছে ৫৪১.২ কোটি টাকা। ২০২০-২১ অর্থবর্ষে বিভিন্ন ধরনের অনুদান থেকে কংগ্রেসের আয় ছিল ২৮৫.৭ কোটি টাকা। ২০২১-২২ অর্থবর্ষে অনুদান থেকে আয় কমেছে সিপিএমের। ২০২০-২১ অর্থবর্ষে যেখানে তাদের আয় ছিল ১৭১ কোটি টাকা, গত অর্থবর্ষে তা কমে হয়েছে ১৬২-২ কোটি টাকা।

সর্বভারতীয় হিসেবে স্বীকৃত মোট আটটি রাজনৈতিক দলের অডিট রিপোর্ট প্রকাশিত করেছে নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে। সেই তথ্য অনুযায়ী, অনুদান বাবদ রাজনৈতিক দলগুলি ২০২১-২২ অর্থবর্ষে মোট ৩২৮৯ কোটি টাকা পেয়েছে। তার ৫৮ শতাংশই গিয়েছে বিজেপি-র ঝুলিতে। যদিও শতাংশের নিরিখে অনুদান বাবদ সবথেকে বেশি আয় বেড়েছে তৃণমূলের। অনুদান বাবদ তৃণমূলের আয় বৃদ্ধির পরিমাণ ৬৩৩ শতাংশ। ২০২০-২১ অর্থবর্ষে যেখানে ৭৪.৪ কোটি টাকার অনুদান পেয়েছিল তৃণমূল, গত অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ৫৪৫.৭ কোটি টাকা।

খরচের দিক দিয়েও সর্বভারতীয় দলগুলির মধ্যে শীর্ষে রয়েছে বিজেপি। ২০২১-২২ অর্থবর্ষে তারা মোট খরচ করেছে ৮৫৪.৪৬ কোটি টাকা। কংগ্রেসের খরচের পরিমাণ ৪০০ কোটির কিছু বেশি। তৃণমূল খরচ করেছে ২৬৮.৩ কোটি টাকা। সেখানে সিপিএম ৮৩.৪১ কোটি টাকা, সিপিআই-এর ১.২ কোটি , এনসিপি ৩২.২ কোটি টাকা। বিএসপি-র খরচ করেছে ৮৫.১ কোটি টাকা। নির্বাচনী খাতে বিজেপি গত অর্থবর্ষে খরচ করেছে ৬৪৫.৮ কোটি টাকা। কংগ্রেসে সেখানে খরচ করেছে ২৭৯.৭ কোটি টাকা। সেখানে নির্বাচন খাতে তৃণমূল খরচ করেছে ১৩৫ কোটি টাকা, সিপিএম এই খাতে খরচ করেছে মাত্র ১৩ কোটি টাকা।

About Post Author