সময় কলকাতা ডেস্ক,২০ জানুয়ারিঃ দীর্ঘ ১১ বছর পর ছাড় পেলেন অম্বিকেশ মহাপাত্র। কার্টুন কাণ্ডে সমস্ত মামলা থেকে অব্যাহতি পেলেন বামপন্থী এই অধ্যাপক। অবশেষে শুক্রবার আলিপুর আদালত তাঁকে মামলা থেকে মুক্ত করল। আদালতের এই রায়ে স্বভাবতই হাসি ফিরেছে অধ্যাপকের পরিবারে। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় ও মুকুল রায়কে নিয়ে একটি কার্টুন নিজের সোশ্যাল একাউন্টে প্রকাশের জন্য অম্বিকেশ মহাপাত্রকে ওই রাতেই গ্রেফতার করে কলকাতা পুলিশ।

২০১২ সালের এপ্রিল মাসে ওই কার্টুনের জন্য পূর্ব যাদবপুর থানায় অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। ব্যঙ্গচিত্রটি মুকুল রায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের এক কাল্পনিক কথোপকথন দিয়ে তৈরি করা হয়েছিল। যদিও সেটা অম্বিকেশ বাবু তৈরি করেননি। তিনি শুধুমাত্র তা শেয়ার করেছিলেন। তাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে জামিনে মুক্ত হন অধ্যাপক। ২০২১ সালে এই মামলা থেকে মুক্তির আবেদন জানিয়ে আলিপুর আদালতের দ্বারস্থ হন অম্বিকেশবাবু। তা খারিজ হয়। পরে তিনি আবার আবেদন জানান। তাতেই টানা ১১ বছর পর মিলল অব্যাহতি।

প্রসঙ্গত, তথ্যপ্রযুক্তি আইনের যে ধারায় অম্বিকেশ মহাপাত্রর বিরুদ্ধে মামলা হয়েছিল, সেই ধারাটি অসাংবিধানিক বলে ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার আলিপুর আদালত তাঁকে মামলা থেকে মুক্তি দেওয়ার পর ফেসবুক পোস্টে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অধ্যাপক মহাপাত্র। তিনি লেখেন, ”প্রায় ১১ বছর পর ব্যঙ্গচিত্র-কাণ্ডের ফৌজদারি মামলা থেকে নিষ্কৃতি মিলল। রাজ্যের সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন, শাসকদল এবং দুষ্কৃতীদের শত বে-আইনি এবং অসাংবিধানিক বাধা সত্ত্বেও। এই জয় গণতন্ত্রপ্রিয় নাগরিকের গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতার জয়।”


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি