Home » নলবাহিত জল প্রকল্পের জল পৌঁছাচ্ছে না বাড়ি বাড়ি

নলবাহিত জল প্রকল্পের জল পৌঁছাচ্ছে না বাড়ি বাড়ি

সময় কলকাতা ডেস্ক,২০ জানুয়ারিঃ জল জীবন মিশন নিয়ে স্বপ্নে বিভোর রাজ্যের শাসক । সর্বত্র একটাই কথা ২০২৪ এর মধ্যে রাজ্যে বাড়ি বাড়ি নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার ভাবনা রাজ্যের। কিন্তু এরই মাঝে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরী দফতরের তৈরি প্রকল্প থেকে মিলছে না জল।

জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের ঝাড় আলতা দুই নং গ্রাম পঞ্চায়েতের বনবস্তি লাগোয়া এলাকা, গারখুটা। প্রায় ৫০০ লোকের বসবাস এই এলাকায়। প্রত্যন্ত গ্রামাঞ্চল এই এলাকা। এখানে মানুষের অভাব অভিযোগের শেষ নেই। অভিযোগ দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দাদের দাবি গ্রামে বাড়িতে বাড়িতে চাপা কল ও কুয়োর জলই একমাত্র ভরসা। আবার প্রত্যেক বাড়িতে নেই সেই কুয়ো ও নলকূপের ব্যবস্থাও নেই। এই এলাকায় রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরী দফতরের তরফ থেকে নলের মাধ্যমে বাড়িতে বাড়িতে জল পৌঁছানোর কাজ শেষ হয়েছে বহুদিন আগে। প্রথম প্রথম বাড়ি বাড়ি জল পৌঁছালেও ,বর্তমানে এই এলাকা ফিরে গিয়েছে আগের অবস্থায়। স্থানীয়দের অভিযোগ, পাইপ লাইনের মাধ্যমে পরিশুদ্ধ পানীয় জলের নল ও কল আছে। কিন্তু সেই কল থেকে পড়ে না কোন জল।

একাধিকবার স্থানীয় পঞ্চায়েতে অভিযোগ জানানো সত্বেও পানীয় জলের সমস্যায় মেলেনি সুরাহা। স্থানীয় পঞ্চায়েত সদস্য স্বীকার করে নিয়েছেন এলাকার পানীয় জলের সমস্যার কথা। এখন শুধুই অপেক্ষা কবে সরকার তাদের দিকে ফিরে তাকাবে। আবার বাড়ির কলে মিলবে পরিশুদ্ধ পানীয় জল।

About Post Author