সময় কলকাতা ডেস্ক,৬ ফেব্রুয়ারি: আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। মেঘালয়ের পাশাপাশি এবার ত্রিপুরাতেও নির্বাচনে অংশ নিতে চলেছে তৃণমূল। তার আগেই তৃণমূলের পালে হাওয়া লাগাতে সোমবার ফের ত্রিপুরায় প্রচারে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর সফরসঙ্গী দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মমতা-অভিষেকের প্রচারে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের পালে হাওয়া আরও জোরদার হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যে ২২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল। সূত্রের খবর, সোমবার ত্রিপুরা পৌঁছেই ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল নেত্রী। মঙ্গলবার, আগরতলা রবীন্দ্রভবনের সামনে নির্বাচনী জনসভা করতে পারেন তিনি। এরপরে ত্রিপুরা রাজ্য নেতৃত্বের সঙ্গে নির্বাচনের শেষ মুহূর্তে রণকৌশল নিয়ে আলোচনাও করতে পারেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফরের আগেই বিধানসভা ভোটের ইস্তেহার প্রকাশ করেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। ত্রিপুরার ৬০টি বিধানসভার মধ্যে ২৮টি আসনে প্রার্থী দিতে চলেছে তৃণমূল। অর্ধেকের কম আসনে প্রার্থী দিয়েও ত্রিপুরায় সরকার এলে রাজ্যবাসীর জন্য কী কী সুযোগ সুবিধা দেবে? ইস্তেহারের মাধ্যমে এদিন তা-ই ঘোষণা করেছে তৃণমূল।

রবিবার সাংবাদিক সম্মেলন করে ইস্তেহার প্রকাশ করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। বাংলার মন্ত্রী শশী পাঁজা, ব্রাত্য বসু, ত্রিপুরা তৃণমূলের সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস ও পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। তৃণমূলের ইস্তেহারে ২ লক্ষের বেশি কর্মসংস্থান, টেকনিক্যাল স্কিল ইউনিভার্সিটি তৈরি করার প্রতিশ্রুতি যেমন রয়েছে, তেমনই বাংলার জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, দুয়ারে সরকারের মতো পরিষেবা চালু করার কথাও রয়েছে। এছাড়া নারী ক্ষমতায়নে জোর, বয়স্কদের জন্য পেনশন, রাজ্যের প্রতিটি কৃষকের পরিবার পিছু বার্ষিক ১০ হাজার টাকা করে দেওয়া-সহ একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের ইস্তেহারে।


More Stories
“কী ঔদ্বত্য রে বাবা! ” -অভিষেক থাকলে তাঁরা নেই জানালেন কল্যাণ
নারদা কাণ্ডে “৫ লাখ টাকা ঘুষ “-এর উল্লেখ সুখেন্দু শেখরের সাংসদকে আক্রমণে
আইনি নোটিস ছিঁড়ে ফেলার ভিডিও ভাইরাল