Home » শনিবার কোচবিহারে অভিষেক, কী বার্তা দেবেন দলীয় কর্মীদের?

শনিবার কোচবিহারে অভিষেক, কী বার্তা দেবেন দলীয় কর্মীদের?

সময় কলকাতা ডেস্ক,১১ ফেব্রুয়ারিঃ দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন। তার আগেই ‘হারানো জমি’ পুনরুদ্ধারের জন্য শনিবার কোচবিহারের মাথাভাঙায় জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে জানা গিয়েছে,শনিবার দুপুর ২টোয় মাথাভাঙা কলেজ মাঠে জনসভা করবেন অভিষেক।

শিলিগুড়ি থেকে মাথাভাঙায় হেলিকপ্টারে নামবেন তিনি। মাথাভাঙা কলেজমাঠে আয়োজন করা হয়েছে সভার। তৈরিও হয়ে গিয়েছে মঞ্চ। শেষ মুহুর্তের প্রস্তুতি তুঙ্গে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দগোটা সভাস্থল। ভিড় নিয়ন্ত্রণে ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে মাঠ চত্বর। অন্তত ১ লক্ষ মানুষ এদিনের জনসভায় জমায়েত হতে পারে বলে অনুমান জেলা তৃণমূল নেতৃত্বের। একইসঙ্গে জনসভা থেকে এদিন তাৎপর্যপূর্ণ কোনও বার্তা দিতে পারেন অভিষেক, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।


এদিকে,শুক্রবারই ত্রিপুরাতে জনসভা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কয়েক দফায় সেখানে গিয়েছেন অভিষেক। রাজ্যের সংগঠনের কাজ সরেজমিনে দেখছেন তিনি। শুক্রবার ত্রিপুরার কমলপুর এবং কদমতলা কুর্তি বিধানসভা এলাকায় জনসভা ছিল তাঁর। এদিন দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত কমলপুরে এবং দুপুর ৩টে থেকে বিকেল ৫ টা পর্যন্ত কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্র এলাকায় আয়োজিত জনসভায় যোগ দেন অভিষেক।


প্রসঙ্গত,গত সোমবারই দু’দিনের ঠাসা কর্মসূচি নিয়ে ত্রিপুরা সফরে গিয়েছিলেন মমতা-অভিষেক। আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। মেঘালয়ের পাশাপাশি এবার ত্রিপুরাতেও নির্বাচনে অংশ নিতে চলেছে তৃণমূল। তার আগেই তৃণমূলের পালে হাওয়া লাগাতে কয়েক দফায় ত্রিপুরায় প্রচারে সেরেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা-অভিষেকের প্রচারে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের পালে হাওয়া আরও জোরদার হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যে ২২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল। সূত্রের খবর, অভিষেক এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মেঘালয় ও ত্রিপুরা সফরেই উত্তর পূর্ব ভারতের রাজনীতিতে বড় চমক দেখা যেতে পারে। কেননা অন্যান্য দলের কিছু তাবড় নেতাদের মধ্যে দল ছেড়ে কেউ কেউ নাম লেখাতে পারেন তৃণমূলে।

About Post Author