Home » বইমেলায় লক্ষ্ণীলাভ ইস্ট-ওয়েস্ট মেট্রোর! কত যাত্রী মেট্রো ব্যবহার করলেন?

বইমেলায় লক্ষ্ণীলাভ ইস্ট-ওয়েস্ট মেট্রোর! কত যাত্রী মেট্রো ব্যবহার করলেন?

সময় কলকাতা ডেস্ক, ১৩ ফেব্রুয়ারি: গত ৩১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি চলেছে ৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। আগের মতো এবারও বইমেলা হয়েছে সল্টলেক করুণাময়ী মেলা প্রাঙ্গনে। তবে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এবারই প্রথম স্থায়ীভাবে বইমেলা চালু হল সল্টলেকে। আর এবারই প্রথম শিয়ালদা থেকে সরাসরি মেট্রো পথে যুক্ত হল বইমেলা প্রাঙ্গন। ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রাপথ সম্প্রসারিত হয়ে শিয়ালদা স্টেশন পর্যন্ত হয়েছে। ফলে কলকাতার উত্তর ও দক্ষিণ শহরতলির অসংখ্য মানুষ লোকাল ট্রেন ধরে শিয়ালদা স্টেশনে এসে সরাসরি মেট্রো ধরে বইমেলায় পৌঁছে যেতে পারলেন। আর এতেই লক্ষ্ণীলাভ হল কলকাতা মেট্রোর। বইমেলার ১৩ দিনে রেকর্ড সংখ্যক মানুষ চড়লেন মেট্রোতে।


কলকাতা মেট্রো সূত্রে জানা গিয়েছে, ৩১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোতে যাতায়াত করেছেন সাড়ে ৬ লক্ষের বেশি যাত্রী। ফলে এই প্রথমবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর কপালে জুটল লক্ষ্ণীর ভাণ্ডার। মেট্রো কর্তাদের দাবি, এই কয়েকদিন শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মোট ৬ লক্ষ ৫৬ হাজার ২০৮ জন ইস্ট-ওয়েস্ট যাত্রী মেট্রো চড়েছেন। দৈনিক হিসেবে বইমেলা শেষের আগের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি সর্বোচ্চ ৬৬ হাজার যাত্রী যাতায়াত করেছেন। মেট্রো কর্তাদের দাবি, দৈনিক গড়ে ৫০ হাজার যাত্রী ইস্ট-ওয়েস্ট মেট্রো ব্যবহার করেছেন। এই সময়কালে শিয়ালদা মেট্রো স্টেশন থেকে ২ লক্ষ ৪১ হাজার ৮৩৯ জন এবং সেক্টর ফাইভ স্টেশন ব্যবহার করেছেন ১ লক্ষ ৫৮ হাজার ৭৭৯ জন।


কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ আরোরা জানিয়েছেন, বইমেলা উপলক্ষ্যে ভিড় হবে অনুমান করেই শিয়ালদা, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক ও সেক্টর ফাইভ স্টেশনে অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা হয়েছিল। পাশাপাশি তিনি এই সাফল্যের জন্য, মেট্রো রেলের মোটরম্যান, গার্ড, স্টেশন সুপারভাইজার, টিকিট বুকিং ক্লার্ক, আরপিএফ কর্মী ও অন্যান্য কর্মচারিদের অভিনন্দন জানান। মেট্রোর জেনারেল ম্যানেজারের কথায়, এটা ইস্ট-ওয়েস্ট মেট্রোর নতুন ইতিহাস রচিত হল।

About Post Author