Home » বুকে ব্যাথা নিয়ে তড়িঘড়ি হাসপাতালে মন্ত্রী বাবুল সুপ্রিয়

বুকে ব্যাথা নিয়ে তড়িঘড়ি হাসপাতালে মন্ত্রী বাবুল সুপ্রিয়

সময় কলকাতা ডেস্ক, ১৩ ফেব্রুয়ারি: সোমবার সকালে বুকে ব্যাথা হওয়ায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়কে। হাসপাতাল সূত্রে খবর, রবিবার বিকেল থেকেই বুকে ব্যাথা হচ্ছিল বাবুল সুপ্রিয়র। সেই সঙ্গে প্রচন্ড ঘাম হচ্ছিল তাঁর। ফলে বেশি দেরি না করে সোমবার সকালেই রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়কে মধ্য কলকাতার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, দ্রুতই মন্ত্রীর জন্য মেডিকেল টিম গঠন করে বিভিন্ন শারীরিক পরীক্ষা করানো হয়। তাঁর হৃদযন্ত্রে সামান্য সমস্যা থাকলেও মন্ত্রীকে বিকেলের দিকে ছুটি দিয়ে দেওয়া হয়।

হাসপাতাল এক মেডিকেল বুলেটিন জারি করে জানিয়েছে, মন্ত্রীর বুকে ইসিজি ও করোনারি অ্যাজ্ঞিওগ্রাফি করা হয়। সেই রিপোর্টে উঠে এসেছে তাঁর হৃদযন্ত্রের রক্তসঞ্চালক ধমণীর সামান্য সমস্যা রয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে, বাবুল সুপ্রিয়র ইকোকার্ডিওগ্রাফিতে কিছু ধরা পড়েনি তবে ইসিজি রিপোর্টে সামান্য অসঙ্গতি রয়েছে। ফলে এখনই কোনও উদ্বেগের কারণ নেই। এমনকি অ্যাঞ্জিওপ্লাস্টি করার প্রয়োজন হয়নি। মন্ত্রীকে হাসপাতালের ২১৩ নম্বর কেবিনে ভর্তি রেখে নানান পরীক্ষা-নিরীক্ষা করা হয়। বিপজ্জনক কিছু না পাওয়ায় আপাতত ওষুধ দিয়ে মন্ত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

About Post Author